লঙ্কাপোড়া রুই! সহজ রেসিপিতেই ভাতে-মাছে বাঙালির মুখে পড়বে নতুন স্বাদ, মন মাতাবে ওপার বাংলার রান্নার জাদু

কথায় আছে ‘মাছে-ভাতে বাঙালি’। কিন্তু বাড়িতে রুই মাছ আনলে কী রান্না করবেন তা নিয়ে অনেকেই চিন্তায় পড়েন। কারণ একঘেয়ে রুই মাছের ঝোল খেতে আর কারই বা ভালো লাগে বলুন? এবার এক ধরনের ঝোল না বানিয়েই বানিয়ে ফেলুন বাংলাদেশের বিখ্যাত ‘লঙ্কাপোড়া রুই’। খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি এই পদ আপনার পাতে নতুন স্বাদ এনে দেবে। গ্যারান্টি দিয়ে বলা যায়, এই রান্না হলে সবাই এক হাতা ভাত বেশিই খাবে।

যা যা লাগবে:
রুই মাছ: ৪ পিস

শুকনো লঙ্কা: ৩-৪টি

পেঁয়াজবাটা: ১টি (মাঝারি)

আদাবাটা: ১ চামচ

গোটা জিরে: ১ চামচ

টমেটো কুচি: ১টি

হলুদ গুঁড়ো: আধা চামচ

সর্ষের তেল: পরিমাণ মতো

নুন: স্বাদমতো

ধনেপাতা কুচি: সাজানোর জন্য

রন্ধন প্রণালী:
১. প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে তাতে পরিমাণমতো নুন-হলুদ মাখিয়ে নিন।
২. একটি শুকনো কড়াইতে শুকনো লঙ্কাগুলো হালকা আঁচে ভাজতে থাকুন। যখন লঙ্কা থেকে পোড়া গন্ধ বের হবে, তখন নামিয়ে ঠান্ডা হতে দিন।
৩. সামান্য জল দিয়ে পোড়া লঙ্কাগুলো বেটে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন।
৪. এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে মাছের টুকরোগুলো সোনালি করে ভেজে তুলে রাখুন।
৫. মাছ ভাজার তেলেই প্রথমে লঙ্কা বাটা দিন। এরপর তাতে আদা, পেঁয়াজ এবং জিরে বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
৬. মশলা কষানোর সময় পরিমাণমতো নুন ও হলুদ গুঁড়ো যোগ করুন।
৭. মশলা থেকে তেল বেরোতে শুরু করলে টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
৮. মশলা ভালোভাবে কষে গেলে তাতে ভাজা মাছগুলো দিয়ে অল্প জল দিন। এই রান্নাটি একটু মাখোমাখো হয়, তাই জলের পরিমাণ বুঝে দেবেন।
৯. ঝোল ঘন হয়ে এলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ‘লঙ্কাপোড়া রুই’।