অনলাইনে মিটিং চলাকালীন চরম বিপদে! মাইক্রোফোন অন থাকতেই ‘কফি লাগবে?’ শুনে ধরা পড়লেন কর্মী, তারপর যা ঘটল…

বাড়ি থেকে কাজ করার অনুমতি পেয়েছিলেন। কিন্তু সেই সুবিধার অপব্যবহার করতে গিয়েই এবার চরম বিপদে পড়েছেন এক টেক পেশাজীবী। অনলাইন মিটিং চলাকালীন ট্রেন থেকে লগ-ইন করে কাজ করতে গিয়েই ধরা পড়ে যান তিনি। এই ঘটনার পর তাঁর শেয়ার করা পোস্টটি এখন রীতিমতো ভাইরাল।
ওই কর্মী তার পোস্টে লিখেছেন, তার কোম্পানি কর্মীদের জন্য ন্যূনতম ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড সংযোগ বাধ্যতামূলক করেছে। ব্যক্তিগত কারণে তাকে ট্রেনে উঠতে হয়েছিল। মিটিং চলাকালীন তার টিম লিড তাকে হঠাৎ স্ক্রিন শেয়ার করে ইন্টারনেটের গতি পরীক্ষা করতে বলেন। ট্রেন তখন স্টেশনে দাঁড়িয়েছিল, তাই গতি ঠিক ছিল। কিন্তু এরপরই বিপত্তি বাড়ে।
ঠিক সেই মুহূর্তে এক খাবার বিক্রেতা মাইক্রোফোনের সামনে এসে কফির জন্য প্রশ্ন করেন। ওই কর্মীর মাইক্রোফোন তখন খোলা ছিল। আর সেই শব্দ শুনেই টিম লিড বুঝে যান যে সে বাড়িতে নেই। সঙ্গে সঙ্গে তিনি রাগ প্রকাশ করেন এবং হতাশ হয়ে বলেন, অন্য কেউ হলে সরাসরি সতর্কবার্তা মেইল যেত বা অপারেশন ম্যানেজারের কাছে রিপোর্ট করা হত। পরিস্থিতি সামলাতে সেই কর্মী মেসেজ করে ক্ষমা চান। এক ঘণ্টা পর তার কাছে উত্তর আসে, ‘ওকে’।
পোস্টে ওই কর্মী স্বীকার করেছেন যে তিনি দুশ্চিন্তায় আছেন। তার প্রশ্ন, “এখন ভাবছি আমি কি সত্যিই বিপদে? দীর্ঘমেয়াদে চাকরির ক্ষতি হবে, নাকি এটা একবারের ভুল ভেবে এড়িয়ে যাবে?”
এই ঘটনা সামনে আসার পর বিভিন্ন মহল থেকে নানা মতামত এসেছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন এমন কঠোর ইন্টারনেট নীতির যৌক্তিকতা নিয়ে। আবার অনেকে পেশাদারিত্বের দিকটি গুরুত্ব দিয়েছেন। তাদের মতে, কাজ মানে শুধু কোড লেখা নয়, মিটিং ও আলোচনাও আছে, আর জনসমক্ষে কাজ করা হলে কাজের মান ও গোপনীয়তা দুটোই নষ্ট হয়। অনেকেই পরামর্শ দিয়েছেন, এমন পরিস্থিতিতে আগে থেকে ম্যানেজারকে জানিয়ে রাখা বা ছুটি নিয়ে নেওয়া উচিত। এই ঘটনাটি স্পষ্টভাবে দেখাচ্ছে, বাড়ি থেকে কাজ করার সুবিধা থাকলেও শৃঙ্খলা ও নিয়ম মেনে চলা কতটা জরুরি।