হঠাৎ অ্যাক্সিলেটরে চাপ, নতুন থার নিয়ে শোরুমের দোতলা থেকে নিচে পড়লেন মহিলা! তারপর….

নতুন গাড়ি কেনার পর পুজোর রীতি মেনে লেবু পিষতে গিয়েছিলেন। কিন্তু সেই শুভ মুহূর্তে যা ঘটল, তা দেখে আঁতকে উঠলেন সকলে। পূর্ব দিল্লির প্রীত বিহারে একটি গাড়ি শোরুমের দোতলা থেকে নতুন কেনা মাহিন্দ্রা থার গাড়ি নিয়ে নিচে পড়ে গেলেন এক মহিলা। গাড়িটি আছড়ে পড়ার মুহূর্তেই ব্যাপক শোরগোল দেখা যায়, যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ বছর বয়সী মনি পাওয়ার নামের ওই মহিলা সদ্য একটি মাহিন্দ্রা থার গাড়ি কিনেছিলেন। গাড়িটি বাড়ি নিয়ে যাওয়ার আগে তিনি গাড়ির টায়ারের নিচে লেবু পিষে দেওয়ার ধর্মীয় রীতি পালন করতে চেয়েছিলেন। শোরুমের দোতলায় সেই অনুষ্ঠান করার সময়ই তিনি ভুলবশত অ্যাক্সিলেটরে চাপ দিয়ে ফেলেন।

এর ফলেই গাড়িটি তীব্র গতিতে শোরুমের কাচের দেওয়াল ভেঙে নিচে আছড়ে পড়ে। এই ঘটনার সময় গাড়ির ভেতরে সেই মহিলার সঙ্গে বসে ছিলেন শোরুমের এক কর্মী বিকাশ।

গাড়িটি নিচে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই এয়ারব্যাগ খুলে গিয়েছিল। আর সেই কারণেই কোনও বড় আঘাত লাগেনি। ওই মহিলা ও শোরুম কর্মীকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার পর উল্টে থাকা মাহিন্দ্রা থার গাড়িটির ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে, এ ঘটনায় নিচে রাখা একটি মোটরবাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।