জলের দরে সস্তা ইলিশ, থালায় বিক্রি হচ্ছে রূপোলি শস্য, জেনেনিন কত দাম?

বর্ষার বিদায় আর পুজোর আগমন, এই দুইয়ের মাঝে ইলিশপ্রেমীদের জন্য সুখবর নিয়ে হাজির মুর্শিদাবাদের লালগোলা। সাধারণত, মাছের বাজারে পাল্লা বা বাটখারায় ওজন করে মাছ বিক্রি হয়। কিন্তু জানেন কি, এমনও এক জায়গা আছে যেখানে ইলিশ-সহ বিভিন্ন মাছ বিক্রি হয় থালায়? হ্যাঁ, ঠিকই শুনেছেন, থালায় থরে থরে সাজানো থাকে তাজা মাছ, আর ক্রেতারা সেই থালা দেখেই দরদাম করেন।

লালগোলার বিস্ময়কর বাজার

মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী ব্লক লালগোলা। বিকেলে এই জায়গাটি সম্পূর্ণ অন্য রূপ ধারণ করে। বাজারের ভেতর প্রবেশ করতেই চোখ জুড়িয়ে যায়। ছোট-বড় বিভিন্ন আকারের থালায় সাজানো রয়েছে নানা ধরনের মাছ। রুই, কাতলা, ইলিশ, ট্যাংরা, পাবদা, কুচো চিংড়ি, গলদা চিংড়ি, মৃগেল, পুঁটি, বেলে, কাজলি, রিঠা, খয়রা, রায়খয়রা, চাঁদা, ফাসা, বাচা, কাল বাউস, কাকলে, পিলপিলে— কত রকমের যে মাছ! কোনোটা লেজ নাড়াচ্ছে, কোনোটা খাবি খাচ্ছে, তাজা মাছের গন্ধে ম-ম করছে চারপাশ।

ইলিশ মাছ, যা এই অঞ্চলের মানুষের কাছে খুবই প্রিয়, তা এখানে থালায় বিক্রি হয়। প্রতি থালায় কয়েকটি করে ইলিশ সাজানো থাকে এবং সেই থালার একটি নির্দিষ্ট দাম থাকে। ক্রেতারা থালার মাছ দেখে পছন্দ করেন এবং সেই অনুযায়ী দরদাম করে কিনে নেন। এই অভিনব বিক্রির পদ্ধতি দেখতেই ভিড় করেন বহু মানুষ। শুধু স্থানীয়রাই নন, দূরদূরান্ত থেকেও মানুষ আসেন এই বাজারের মাছ দেখতে এবং কিনতে। পুজোর আগে বর্ষার শেষ হতেই ইলিশপ্রেমীদের আনাগোনায় সরগরম হয়ে উঠেছে লালগোলার এই বিশেষ মাছের বাজার।