বড় খবর! ভোটার তালিকায় আধার কার্ড বাধ্যতামূলক, রাজ্যের আবেদন খারিজ করল নির্বাচন কমিশন

বিহার এসআইআর (Special Intensive Revision) মামলায় সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার ও নির্বাচন কমিশনের (Election Commission) মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সর্বোচ্চ আদালত ভোটার তালিকার জন্য আধার কার্ডকে ১২তম নথি হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের পরই নবান্ন ও দিল্লির মধ্যে এক টানাপোড়েন তৈরি হয়েছে।

নবান্নের আবেদন খারিজ: সূত্রের খবর, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) হোয়াটসঅ্যাপ বার্তায় আবেদন জানিয়েছিলেন যে, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী এবং রেশন কার্ডকেও পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হোক। কিন্তু নির্বাচন কমিশন এই আবেদন স্পষ্ট করে খারিজ করে দিয়েছে। কমিশন জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে শুধুমাত্র ১২টি নথিই গ্রহণযোগ্য।

আধার কার্ডের বৈধতা: আদালত স্পষ্ট জানিয়েছে যে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ না হলেও ‘রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট’-এর ধারা ২৩(৪) অনুযায়ী এটি পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ নথি। সেই কারণে এসআইআর-এর ক্ষেত্রে আধার গ্রহণযোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সমস্ত রাজ্যকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসআইআর-এর প্রস্তুতি শেষ করতে বলেছে এবং অক্টোবরে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। আগামী বছর যেহেতু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, তাই এই রাজ্যে এসআইআর চালু হলে রাজনৈতিক সংঘাত বাড়বে বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আধারকে পরিচয়পত্র হিসেবে ব্যবহারের বিরোধিতার কথা জানিয়েছেন। এই পরিস্থিতিতে কমিশনের নির্দেশ রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।