আতঙ্কে গ্রাম, সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের পেটে মৎস্যজীবী

সুন্দরবনের চামটা জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী। চোখের সামনে সহকর্মীকে বাঘে তুলে নিয়ে যাওয়ায় এলাকায় তীব্র আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও বন দফতর।
কীভাবে ঘটল এই ঘটনা?
গোসাবার কালিদাসপুরের বাসিন্দা চিরঞ্জীত মণ্ডল, তরুণ বৈদ্য এবং অপূর্ব গায়েন একসঙ্গে মাছ ধরতে সুন্দরবনের চামটা জঙ্গলে গিয়েছিলেন। গত সোমবার বিকেলে তাঁরা যখন নৌকা নিয়ে মাছ ধরছিলেন, হঠাৎ একটি বাঘ লাফিয়ে তাঁদের নৌকায় উঠে পড়ে। আকস্মিক এই আক্রমণে তাঁরা হতবাক হয়ে যান। প্রতিরোধের জন্য লাঠি ও রড নিয়ে তাঁরা চেষ্টা করলেও বাঘটি চিরঞ্জীত মণ্ডলকে তুলে নিয়ে জঙ্গলের গভীরে চলে যায়।
তাঁর সঙ্গীরা পিছু ধাওয়া করেও চিরঞ্জীতকে খুঁজে পাননি। অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে তাঁরা মঙ্গলবার গ্রামে ফিরে আসেন এবং বন দফতর ও সুন্দরবন কোস্টাল থানায় খবর দেন।
চলছে তল্লাশি
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানা ও বন দফতর যৌথভাবে নিখোঁজ মৎস্যজীবীর সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে। চিরঞ্জীতের নিখোঁজ হওয়ার খবর গ্রামে পৌঁছানোর পর থেকেই তাঁর পরিবার, বিশেষ করে স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন। পুরো গ্রামজুড়ে এক ভয়াবহ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।