পুজোর মুখে বাজারে আসছে টন টন ইলিশ! কীভাবে চিনবেন খাঁটি না নকল?

বর্ষা মানেই বাঙালির পাতে ইলিশ। ভাপা, সর্ষে, দই, পাতুরি— নানা পদের তালিকায় এই মাছের কদর সবার ওপরে। শুধু স্বাদের জন্যই নয়, ইলিশে রয়েছে ভরপুর পুষ্টিগুণ। আয়োডিন, সেলেনিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, জিঙ্ক, সোডিয়াম এবং পটাশিয়ামের মতো একাধিক খনিজ উপাদানে সমৃদ্ধ ইলিশ শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য খুবই উপকারী।

সাবধান! বাজারে ফরমালিন যুক্ত ইলিশ
কিন্তু এই প্রিয় ইলিশও আজকাল ভেজালমুক্ত নয়। অসাধু ব্যবসায়ীরা ইলিশে ফরমালিন মিশিয়ে তাজা মাছ বলে বিক্রি করে। এই ধরনের মাছ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই ইলিশ কেনার আগে কয়েকটি বিষয় জেনে নেওয়া জরুরি। কীভাবে চিনবেন ফরমালিন দেওয়া ইলিশ?

১. রং দেখে কিনুন:
টাটকা ইলিশের রং হবে উজ্জ্বল রূপালি। ইলিশ যত বেশি চকচকে হবে, ততই বোঝা যাবে মাছটি টাটকা। ফরমালিন দেওয়া বা বাসি মাছের উজ্জ্বলতা কম থাকে।

২. ওজন দেখে চিনুন:
টাটকা ইলিশ দেখতে প্রশস্ত ও ওজনে ভারী হয়। মাছের আকার এবং ওজনে একটা সামঞ্জস্য থাকে। অন্যদিকে, বাসি বা ফরমালিন দেওয়া ইলিশ অনেকটা চুপসে যায় এবং ওজনে হালকা হয়।

৩. কানকো পরীক্ষা করুন:
ইলিশ কেনার সময় কানকো ভালোভাবে পরীক্ষা করে নিন। টাটকা ইলিশের কানকো থাকে তাজা রক্তের মতো লাল এবং এতে একটা পিচ্ছিল ভাব থাকে। বাসি ইলিশের কানকো ফ্যাকাসে বা অনুজ্জ্বল লাল হয়।

এই সহজ তিনটি কৌশল ব্যবহার করে আপনি বাজারে ইলিশ কেনার সময় ঠকে যাওয়ার হাত থেকে বাঁচতে পারেন।