“স্বামী মারতেন-গলা টিপে ধরতেন?”-মোনালির ইঙ্গিতপূর্ণ ভিডিও নিয়ে ডিভোর্স জল্পনা

জাতীয় পুরস্কার বিজয়ী গায়িকা মোনালি ঠাকুর এখন খবরের শিরোনামে। স্বামী মাইক রিখটারের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন এখন বলিউডে তুঙ্গে। ২০১৭ সালে চুপিসারে সুইজারল্যান্ডের রেস্তোরাঁ মালিক মাইককে বিয়ে করেছিলেন মোনালি। আট বছর পর তাদের সংসার ভাঙার খবর নিয়ে এখন তুমুল আলোচনা চলছে। এর মাঝেই মোনালির একটি রহস্যজনক ইনস্টাগ্রাম পোস্ট সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

সম্প্রতি একটি রিপোর্টে মোনালি ও মাইকের ডিভোর্সের খবর সামনে আসে। যদিও তারা কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানাননি। এরই মধ্যে মোনালি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেন, যা দেখার পর অনেকেই মনে করছেন যে তিনি ডিভোর্সের দিকেই হাঁটছেন। ভিডিওটি তার আসন্ন মিউজিক ভিডিওর একটি ক্লিপ।

ভিডিওতে দেখা যাচ্ছে, মোনালিকে মারধর করা হচ্ছে, আবার কখনো তিনি হাসছেন, কিন্তু সেই হাসির মধ্যে ফুটে উঠেছে গভীর যন্ত্রণা। ভিডিওটি শেয়ার করে মোনালি শুধু লিখেছেন, ‘এটাই কারণ’। তবে এই কারণ কিসের ইঙ্গিত, তা তিনি স্পষ্ট করেননি। এই ভিডিওটি তার নিজের গান ‘এক বার ফির’ থেকে নেওয়া, যা তার খুব কাছের বলে তিনি জানিয়েছেন। এই পোস্ট দেখার পর নেটিজেনরা ধারণা করছেন যে, গার্হস্থ্য হিংসার কারণেই হয়তো মোনালির সংসার ভাঙছে।

মোনালি এবং মাইকের ঘনিষ্ঠ একটি সূত্রের মতে, গত কয়েক বছরে তাদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এখন আর তাদের কেউ দম্পতি হিসেবে ভাবে না। তারা ভিন্ন দুটি দেশে থাকেন, তাই ভৌগোলিক দূরত্বই তাদের বিয়ের সমস্যার মূল কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। মোনালি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মাইকের সঙ্গে তার সমস্ত ছবিও মুছে দিয়েছেন। এসব সত্ত্বেও মোনালি বা মাইক কেউই এই গুঞ্জন নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।