চরম চাপান-উতোর! পুজোর আগেই বিজেপি রাজ্য কমিটিতে বড় রদবদল, বাদ পড়ছেন একাধিক হেভিওয়েট নেতা?

মহালয়ার পরদিনই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফরের আগে বঙ্গ বিজেপির অন্দরে তোলপাড় শুরু হয়েছে। সূত্রের খবর, অমিত শাহের সফরের আগেই দলের নতুন রাজ্য কমিটি প্রকাশ্যে আসতে চলেছে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শীঘ্রই নতুন সদস্যদের নাম ঘোষণা করতে পারেন। নতুন কমিটি গঠনের পর অমিত শাহের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকেরও পরিকল্পনা করছে বিজেপি।

কেন এই রদবদল?
দলের রাজ্য কমিটির রদবদল নিয়ে জোর জল্পনা চলছে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদ থেকে বেশ কিছু নেতা বাদ পড়তে পারেন বলে গুঞ্জন। বর্তমানে এই পদে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, অগ্নিমিত্রা পাল এবং জ্যোতির্ময় সিং মাহাতো। শোনা যাচ্ছে, এদের মধ্যে অন্তত তিনজন নতুন টিমে জায়গা নাও পেতে পারেন। একইভাবে, সহ-সভাপতি এবং সম্পাদক পদ থেকেও একাধিক নেতার নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

তবে, শমীকের নতুন টিমে কিছু ‘পুরনো’ নেতাকে ফিরিয়ে এনে নতুন দায়িত্ব দেওয়ার কথাও শোনা যাচ্ছে।

জেলা সভাপতিদেরও বদল?
রাজ্য কমিটির পাশাপাশি জেলা নেতৃত্বেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, অন্তত ১০ জন জেলা সভাপতিকে বদল করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। শমীক ভট্টাচার্যের কাছে কিছু জেলা সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ জমা পড়েছিল, সেই অভিযোগ খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, পুজোর পরেই এই রদবদল হতে পারে। তবে, সদ্য নির্বাচিত জেলা সভাপতিদের বদল করতে হলে দলের কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি নিতে হবে। রাজনৈতিক মহলের মতে, অমিত শাহের এই সফর কেবল দুর্গাপূজার উদ্বোধন নয়, বরং বঙ্গ বিজেপির সাংগঠনিক সমীকরণে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।