“রাস্তা সংস্কারের নামে নিম্নমানের কাজ”-মানুষের অভিযোগ পেতেই যা করলেন বিধায়ক?

নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক এবং জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি অভিযোগের সত্যতা যাচাই করে অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
কী ঘটেছে?
চলতি বছর প্রবল বর্ষণে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি বৃষ্টি কমলে সরপি মোড় থেকে হেতোডোবা শিল্পতালুক পর্যন্ত রাস্তা মেরামতের কাজ শুরু হয়। কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাস্তা সংস্কারের নামে অত্যন্ত নিম্নমানের কাজ করা হচ্ছে। ঠিকাদার সংস্থার কাছে অভিযোগ করেও কোনো লাভ না হওয়ায় তারা সরাসরি বিধায়ককে বিষয়টি জানান।
বিধায়কের হস্তক্ষেপ
শুক্রবার অভিযোগ পেয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজেই রাস্তা পরিদর্শনে যান। সেখানে কাজের মান দেখে তিনিও ক্ষোভ প্রকাশ করেন এবং সঙ্গে সঙ্গে কাজটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। বিধায়ক বলেন, “স্থানীয় বাসিন্দারা আমাকে ফোন করে অভিযোগ করেছিলেন। এসে দেখলাম, সত্যিই কাজের মান অত্যন্ত খারাপ। ঠিকাদার সংস্থাকে দ্রুত কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে নতুন করে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে।”
বিধায়ক আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে, বিধানসভা কেন্দ্রের সব ক্ষতিগ্রস্ত রাস্তা পর্যায়ক্রমে মেরামত করা হবে। তবে এতে কিছুটা সময় লাগবে বলে তিনি জানান।