মুম্বই পুলিশেরর জালে তেলঙ্গানার গ্যাং! উদ্ধার ১২ হাজার কোটির মাদক, কীভাবে এই চক্রের সন্ধান পেল পুলিশ?

দেশের অন্যতম প্রধান আইটি হাব হায়দরাবাদ, কিন্তু তার আড়ালেই গড়ে উঠেছে এক বিশাল মাদক চক্র। চিকিৎসক, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ জড়িয়ে পড়ছে এই ভয়ংকর জালে। সম্প্রতি মুম্বই পুলিশ মাত্র ২০০ গ্রাম মাদক উদ্ধারের তদন্ত করতে গিয়ে তেলঙ্গানায় একটি বিশাল মাদকের কারখানার সন্ধান পেয়েছে। সেখান থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা মূল্যের ৩২ লিটার কাঁচা এমডি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্তের সূত্রপাত হয় মুম্বইয়ে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের ২০০ গ্রাম এমডি মাদক উদ্ধারের পর। তদন্ত যত এগিয়েছে, ততই মাদকের এই বিশাল জালের সন্ধান মেলে। শেষ পর্যন্ত পুলিশ জানতে পারে, তেলঙ্গানায় এই মাদক তৈরির একটি গোপন কারখানা চলছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই চক্রটি এতটাই সুসংগঠিত যে এর জাল শুধু দেশের বিভিন্ন রাজ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও ছড়িয়ে রয়েছে। যেখান থেকে মাদক উদ্ধার করা হয়েছে, সেই কারখানায় অত্যাধুনিক যন্ত্রপাতি ও রাসায়নিক ব্যবহার করে মাদক তৈরি করা হচ্ছিল। চক্রটি মাদক উৎপাদন থেকে শুরু করে সরবরাহ ও বন্টনের একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিল, যার ফলে দীর্ঘদিন ধরে তারা পুলিশের নজর এড়িয়ে আসছিল।
এই বিশাল মাদকের চালান উদ্ধারকে তদন্তকারীরা একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন। এর আগে মীরা-ভয়ান্দর পুলিশ ২২ কোটি টাকার কোকেন উদ্ধার করেছিল, কিন্তু ১২ হাজার কোটি টাকার এই মাদকের চালান উদ্ধারের ঘটনাটি মাদকবিরোধী অভিযানে এক নতুন মাত্রা যোগ করেছে। এই চক্রের বিনাশ দেশের মাদকবিরোধী লড়াইয়ে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।