“আমি সব সময় মোদীর বন্ধু”-ট্রাম্পের বার্তার পর কি আমেরিকাকে কাছে টানবেন মোদী?

‘আমি সব সময় মোদীর বন্ধু’— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পর এবার বন্ধুত্বের হাত বাড়ালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শনিবার সকালে এক্সে (সাবেক টুইটার) মোদী ট্রাম্পের আবেগ এবং ইতিবাচক মূল্যায়নের প্রশংসা করে জানান যে তিনি এর প্রতিদান দেবেন। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ককে ঘিরে তৈরি হওয়া কূটনৈতিক বরফ কি গলতে শুরু করেছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে।
সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী চীন এবং রাশিয়ার প্রেসিডেন্ট শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। এরপরই ট্রাম্প সামাজিক মাধ্যমে মোদী, পুতিন এবং জিনপিংয়ের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ভারত আর রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলেছি আমরা।’
তবে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প মোদীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমি মোদীর সব সময়ের বন্ধু। তিনি মহান প্রধানমন্ত্রী। শুধু তিনি এই মুহূর্তে যা করছেন, সেটা আমার পছন্দ নয়। তবে ভারত ও আমেরিকার একটি বিশেষ সম্পর্ক রয়েছে। উদ্বেগের কিছু নেই।’ ট্রাম্পের এই মন্তব্যের পরই মোদী তার বন্ধুত্বের প্রতিদান দিতে প্রস্তুত বলে জানান।
ভারতের উপর ৫০ শতাংশ ট্যারিফ চাপানোর পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। তবে মোদী এবং ট্রাম্পের এই পারস্পরিক ইতিবাচক মন্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই উষ্ণতা দুই দেশের বাণিজ্য সম্পর্কের উপর কতটা প্রভাব ফেলে এবং ট্রাম্প ট্যারিফ কমানোর বিষয়ে কোনো পদক্ষেপ নেন কিনা।