আর হুড়োহুড়ি নয়, এ বার থেকে লাইনে দাঁড়িয়েই হবে জগন্নাথ দেবের দর্শন

আর হুড়োহুড়ি নয়, এবার পুরীর জগন্নাথ মন্দিরে ভক্তদের জন্য দর্শন হবে আরও মসৃণ ও সুশৃঙ্খল। নাটমন্দিরের ভিতরে ‘দধি দর্শন’-এর জন্য ছয় লেনের একটি বিশেষ র্যাম্প তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীজগন্নাথ মন্দির ম্যানেজিং কমিটি। এই নতুন ব্যবস্থা চালু হলে ভক্তরা লাইনে দাঁড়িয়ে শান্তভাবে জগন্নাথদেবকে দর্শন করতে পারবেন।
পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয়। বর্তমানে মন্দিরের মূল প্রবেশপথে লাইনে দাঁড়ানোর ব্যবস্থা থাকলেও, নাটমন্দিরে প্রবেশ করলে সেই শৃঙ্খলা প্রায় থাকে না। ফলে ভক্তরা একসঙ্গে ঢুকে পড়েন এবং জগন্নাথদেবকে ভালোভাবে দর্শন করতে না পেরে হতাশ হন। এই সমস্যা সমাধানের জন্য মন্দির কর্তৃপক্ষ এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
শ্রী জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি জানিয়েছেন, “সবাই যাতে লাইন দিয়ে প্রভু জগন্নাথকে দর্শন করতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। এর জন্য পুরীর জেলাশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেবাইত ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করেই এই ব্যবস্থা চালু করা হবে।” প্রাথমিকভাবে এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলেও তিনি জানান।
নাটমন্দিরের ছয় লেনের এই র্যাম্পে বয়স্ক, মহিলা এবং বিশেষভাবে সক্ষম ভক্তদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। এই উদ্যোগের ফলে সবার জন্য দর্শন আরও সহজ এবং নিরাপদ হবে। মন্দির কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেবাইত ও ভক্তরা। তাঁরা মনে করছেন, নতুন এই নিয়ম চালু হলে হুড়োহুড়ি বা ধাক্কাধাক্কি ছাড়াই সবাই শান্তভাবে জগন্নাথদেবকে ভালো করে দেখতে পারবেন।
যদিও দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, তবু পুরীর মন্দিরের প্রতি ভক্তদের আকর্ষণ এখনও অটুট। এই নতুন ব্যবস্থা সেই আকর্ষণকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।