কুকুরের জটলা দেখে সন্দেহ, জঙ্গলে ঢুকতেই শিউরে উঠলেন এলাকাবাসী!

কুকুরের জটলা দেখে সন্দেহ হয়েছিল স্থানীয়দের। জঙ্গল লাগোয়া এলাকায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তাঁরা যা দেখলেন, তাতে শিউরে উঠলেন সকলে। শুক্রবার সকালে আসানসোলের কালিপাহাড়ি অঞ্চলের কুর্তিয়াপাড়া এলাকায় একটি শিশুর বিকৃত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহটি এক বছরের কম বয়সি কোনো শিশুর বলে মনে করছে পুলিশ।

শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন যে লোকালয় লাগোয়া জঙ্গলে একাধিক কুকুর জটলা করে রয়েছে। প্রথমে বিষয়টিতে বিশেষ গুরুত্ব না দিলেও, পরে তীব্র দুর্গন্ধ আসায় কয়েকজন বাসিন্দা জঙ্গলে ঢুকে পড়েন। সেখানেই তাঁরা একটি শিশুর মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দেহটি সম্পূর্ণ বিকৃত হয়ে গিয়েছে। তাই শিশুটির পরিচয় এখনও জানা যায়নি। শিশুটিকে খুন করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আসানসোল দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) ধ্রুব দাস জানিয়েছেন, “জঙ্গল থেকে এক শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, লোকালয় থেকে মাত্র ২০০ মিটার দূরে এমন একটি নৃশংস ঘটনা ঘটতে পারে, তা কল্পনাও করা যায় না। তাঁরা দ্রুত দোষীকে খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।