পূজার আগেই GST-তে বড় পরিবর্তন! দাম কমছে বহু পণ্যের, মধ্যবিত্তকে ছাড় নাকি “অন্যকিছু?”

দুর্গাপূজার ঠিক আগে সাধারণ মানুষের জন্য বড় সুখবর নিয়ে এসেছে কেন্দ্র সরকার। জিএসটি (GST) কাউন্সিলের সাম্প্রতিক বৈঠকে পণ্য ও পরিষেবা কর কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়েছে, যার ফলে খাদ্যসামগ্রী থেকে শুরু করে এসি, এমনকি ছোট গাড়ির দামও কমতে চলেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এই পদক্ষেপকে ‘দীপাবলির উপহার’ হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার দীর্ঘ আলোচনার পর ১২ শতাংশ ও ২৮ শতাংশের জিএসটি হার তুলে নিয়ে তার বদলে ৫, ১৮ এবং ৪০ শতাংশের নতুন কাঠামো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী নবরাত্রির প্রথম দিন থেকেই এই নতুন হার কার্যকর হবে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিস ও অনেক ইলেকট্রনিক পণ্যের দাম কমবে।

কমছে দাম: ছোট গাড়ি, স্কুটার, এসি, ও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে।

বাড়ছে দাম: সিগারেট ও পান মশলার মতো ক্ষতিকর পণ্যের ওপর জিএসটি ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে।

বিরোধীদের আপত্তি ও পাল্টা জবাব
কেন্দ্রের এই সিদ্ধান্তের পর বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস, তীব্র সমালোচনা করেছে। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ২০১৭ সালে ‘এক জাতি, এক কর’ ট্যাগলাইন দিয়ে জিএসটি চালু হলেও তা এখন ‘এক জাতি, নয়টি কর’-এ পরিণত হয়েছে। প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদম্বরমও সরকারের এই ‘হঠাৎ মন পরিবর্তন’ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে, বিহার ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ পাল্টা তোপ দেগেছেন। তিনি কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, “কংগ্রেস কি চায় চা, সিগারেট, তামাকের মতো ক্ষতিকারক পণ্যের ওপর ৪০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ জিএসটি বসানো হোক?” তিনি আরও বলেন, বিজেপি সরকার মাত্র তিন বছরে জিএসটি কার্যকর করেছে এবং এখন সেটির সংশোধনও করে দেখিয়েছে, যা কংগ্রেস তাদের আমলে ভাবতেও পারেনি।

যদিও কংগ্রেস বিরোধিতা করলেও, শিবসেনা এবং তামিলনাড়ুর ডিএমকে-এর মতো কিছু বিরোধী দল নতুন জিএসটি কাঠামোকে স্বাগত জানিয়েছে।