মমতার সামনেই তুলকালাম কাণ্ড..কাগজ ছিঁড়ে ওড়ানো হল বিধানসভায়! শুভেন্দুর পরে সাসপেন্ড কে?

পশ্চিমবঙ্গের বিধানসভায় আবার উত্তেজনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন বিজেপি বিধায়কদের প্রবল বিক্ষোভের জেরে বৃহস্পতিবার শঙ্কর ঘোষ এবং অগ্নিমিত্রা পালকে সাসপেন্ড করা হয়েছে।

বৃহস্পতিবার অধিবেশন শুরু হতেই বিজেপি বিধায়করা নিজেদের আসন ছেড়ে ওয়েলে নেমে স্লোগান দিতে শুরু করেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বারবার তাদের শান্ত থাকার অনুরোধ জানালেও তারা শোনেননি। তুমুল শোরগোলের মধ্যে প্রথমে শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন স্পিকার। এরপর মার্শাল এসে তাকে জোর করে বাইরে নিয়ে যান।

কিন্তু তাতেও বিক্ষোভ থামেনি। বিজেপি বিধায়করা অধিবেশনের কাগজপত্র ছিঁড়ে উড়িয়ে দেন এবং স্লোগান চালিয়ে যান। এই অবস্থায় স্পিকার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকেও সাসপেন্ড করেন।

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে ওঠেন এবং বিজেপি-কে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “মাননীয় অধ্যক্ষ যা বলেন তা আমরা শুনি। কাগজ ছোঁড়া অনৈতিক। এরা ভোট চোর, গদি চোর।” তিনি আরও বলেন, “বাংলার মানুষ বিজেপিকে দেখতে চাইবে না। সব ক’টা হারবে। … মনে রাখবেন এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছেন।” তিনি প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী শাহের নাম করে ‘ভোট চোর’ আখ্যা দেন এবং বিজেপি-র সরকারকে স্বৈরাচারী বলে অভিহিত করেন।

মুখ্যমন্ত্রী স্পিকারকে সম্মান করার আবেদন জানালেও বিজেপি বিধায়কদের বিক্ষোভ থামেনি। এই ঘটনা রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।