যাত্রীদের জন্য দারুণ খবর! শিয়ালদা শাখায় চালু হচ্ছে আরও ৬টি এসি লোকাল ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

আসন্ন দুর্গাপূজার আগে শিয়ালদা শাখার রেল যাত্রীদের জন্য সুখবর! পূর্ব রেল আগামী ৫ সেপ্টেম্বর থেকে শিয়ালদা বিভাগে আরও ৬টি নতুন এসি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৪টি নতুন ট্রেন এবং রানাঘাট-শিয়ালদা রুটের ২টি পুরোনো ট্রেন যুক্ত হচ্ছে, যা যাত্রীদের জন্য আরামদায়ক যাতায়াতের ব্যবস্থা করবে।

রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ: এই রুটের নতুন ট্রেনটি বিমানযাত্রীদের জন্য খুবই উপকারী হবে, কারণ এটি নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে থামবে। এটি রানাঘাট থেকে সকাল ৭:১১ মিনিটে এবং বনগাঁ থেকে সকাল ৭:৫২ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছাবে সকাল ৯:৩৭ মিনিটে। ফিরতি পথে, এটি শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:১৪ মিনিটে ছেড়ে বনগাঁ ও রানাঘাটে পৌঁছাবে।

শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন: এই রুটের ট্রেনটি বিশেষ করে মায়াপুর ইসকন মন্দিরে যাওয়া পর্যটকদের জন্য সুবিধাজনক হবে। এটি শিয়ালদহ থেকে সকাল ৯:৪৮ মিনিটে ছেড়ে দুপুর ১২:০৭ মিনিটে কৃষ্ণনগরে পৌঁছাবে। ফিরতি পরিষেবাটি কৃষ্ণনগর থেকে দুপুর ১:৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছাবে বিকেল ৩:৪০ মিনিটে।

শিয়ালদহ থেকে বিধাননগর বা দমদম পর্যন্ত এই এসি লোকালের ভাড়া ৩৫ টাকা, বনগাঁ পর্যন্ত ১২০ টাকা এবং রানাঘাট পর্যন্ত ১৫০ টাকা। এই ট্রেনগুলো দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসাত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা ও ঠাকুরনগর স্টেশনে থামবে।

এছাড়াও, পুজোর মাসে নন-এসি লোকাল ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে। এর মধ্যে বিধাননগর-কল্যাণী, কল্যাণী-শিয়ালদহ এবং বারাসাত-হাসনাবাদ শাখায় অতিরিক্ত ট্রেন চলাচল শুরু হবে।