চিকিৎসায় গাফিলতি, ইনজেকশন দিতেই রোগী শেষ! সদ্যোজাতের মায়ের মৃত্যুতে উত্তেজনা হাসপাতালে

চিকিৎসায় গাফিলতির জেরে এক সদ্যোজাত শিশুর মায়ের মৃত্যুর অভিযোগে উত্তাল হয়ে উঠল বীরভূমের সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। মৃতের পরিবারের অভিযোগ, সময়মতো চিকিৎসকের সাড়া না পাওয়া এবং ভুল ইনজেকশনের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

গতকাল, রাত ৮টা নাগাদ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে অঙ্কিতা চ্যাটার্জী নামে এক মহিলাকে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অঙ্কিতা সিউড়ির একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক ছিলেন। মাত্র ১০ দিন আগে সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর সন্তানের জন্ম হয়েছিল। হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পরই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়।

পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর একাধিকবার অভিজ্ঞ চিকিৎসককে ডাকা হলেও স্টাফরা সেই ডাকে কোনো গুরুত্ব দেননি। এর কিছুক্ষণ পরই রোগীকে একটি ইনজেকশন দেওয়া হয়, যার পরপরই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার পর মৃতের আত্মীয়-স্বজনরা উত্তেজিত হয়ে ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাতে শুরু করেন। তাদের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই অঙ্কিতার মৃত্যু হয়েছে এবং এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষই দায়ী। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে গভীর রাত পর্যন্ত উত্তেজনা ছিল।