উত্তরবঙ্গ ভ্রমণে নতুন আকর্ষণ! আলিপুরদুয়ারে খুলল গ্লাস টাওয়ার, উঠলেই দেখা যাবে গোটা ডুয়ার্স

উত্তরবঙ্গ মানেই এতদিন ছিল দার্জিলিং, কালিম্পং কিংবা সিকিম। কিন্তু এবার সেই ধারণায় পরিবর্তন আসতে চলেছে। কারণ, আলিপুরদুয়ারে চালু হয়েছে ভারতের দ্বিতীয় গ্লাস টাওয়ার, যা পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে। এই গ্লাস টাওয়ারটি দেখতে যেমন সুন্দর, তেমনই এতে উঠলে মনে হবে যেন কোনো বিদেশি জায়গায় চলে এসেছেন।

আলিপুরদুয়ারের ‘মা প্যারাডাইস’-এ এই গ্লাস টাওয়ারটি তৈরি হয়েছে। এর উচ্চতা ৯৫ ফুট। এটি ভারতের দ্বিতীয় গ্লাস টাওয়ার। এর আগে ভারতের প্রথম গ্লাস টাওয়ারটি গুজরাটের আহমেদাবাদে তৈরি হয়েছিল।

পর্যটন ব্যবসায় এটি একটি অনন্য সংযোজন। এই টাওয়ারের উপর থেকে পর্যটকরা সমগ্র ডুয়ার্সের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। একদিকে থাকবে পাহাড়, আরেক দিকে সবুজ বনভূমি ও চা বাগান—সবকিছুই এক ঝলকে দেখা যাবে। টাওয়ারটিতে দোলনা, সেলফি জোন এবং দূরবিনের মতো আধুনিক ব্যবস্থাও রয়েছে।

এই গ্লাস টাওয়ারে ওঠার জন্য মাথাপিছু খরচ মাত্র ২০০ টাকা। ৩ সেপ্টেম্বর এর উদ্বোধন হওয়ার পর থেকেই দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে। এক দর্শনার্থী তার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, “দারুণ লাগছে এই গ্লাস টাওয়ারে উঠে। চোখের সামনে এত বড় ও গোটা ডুয়ার্স দেখার মজাই আলাদা। ওঠার সময় একটু ভয় লাগছিল, তবে উপরে ওঠার পর সেই ভয়টা আর নেই।”

মা প্যারাডাইসে আগে থেকেই ওয়াটার পার্ক এবং স্নো পার্কের মতো আকর্ষণীয় ব্যবস্থা রয়েছে, আর এখন এই নতুন গ্লাস টাওয়ারটি যুক্ত হওয়ায় এটি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।