‘নতুন করে পরীক্ষা দেব না’, দাবি নিয়ে বিধানসভায় পৌঁছে গেলেন সুমন-সহ চাকরিহারাদের একাংশ

এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে এবার বিধানসভার সামনে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একটি দল। শিক্ষক সুমন বিশ্বাসের নেতৃত্বে এই দলটি বিধানসভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছেন। তাদের দাবি, যদি অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়ে থাকে, তাহলে বাকি যোগ্যদের নতুন করে কেন আবার পরীক্ষায় বসতে হবে?
চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলেন, “অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যদি এই তালিকাকেই সঠিক ধরা হয়, তাহলে বাকিরা যোগ্য। তাহলে কেন আমরা আবার নতুন করে পরীক্ষা দেব? মুখ্যমন্ত্রী এই পরীক্ষা বাতিল করে যোগ্যদের সঠিক তালিকা প্রকাশ করুন।”
তিনি আরও বলেন, “আমরা এখন মৃত্যুর পথে হাঁটছি। যেকোনো সময়ে যেকোনো কিছু হয়ে যেতে পারে।” তার অভিযোগ, নতুন চাকরিপ্রার্থীদের সঙ্গে ২০১৬ সালের প্যানেলের সকলকে একসঙ্গে পরীক্ষা নেওয়া হচ্ছে, যা আসলে ২০২৬ সালের নির্বাচনের বৈতরণী পার করার একটি প্রচেষ্টা।
সুমন বিশ্বাস মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন, ৬ সদস্যের একটি প্রতিনিধি দলকে ডেকে জরুরি ভিত্তিতে আলোচনা করার জন্য। তাদের দাবি, যোগ্য শিক্ষকরা কোনো পাপ করেননি, তাই তাদের বঞ্চিত করা উচিত নয়।
আজকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা ‘দাগি’দের ‘বেচারা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যারা দীর্ঘ দিন শিক্ষকতা করার পর চাকরি হারিয়েছেন, তাদের জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে গ্রুপ সি পদে নিয়োগের কোনো ব্যবস্থা করা যায় কিনা, তা নিয়ে তিনি আইনি আলোচনা করছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেও চাকরিহারা শিক্ষকদের ক্ষোভ প্রশমিত হয়নি, বরং তারা সরাসরি বিধানসভায় এসে তাদের দাবি তুলে ধরেছেন।