‘ওঁরা যাতে Group C-তে জায়গা পায়…’, অযোগ্য শিক্ষকদের ‘বেচারা’ বলে পাশে থাকার বার্তা মমতার!

চাকরি হারানো অযোগ্য শিক্ষকদের ‘বেচারা’ আখ্যা দিয়ে তাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি জানান, যারা দীর্ঘ দিন শিক্ষকতা করার পর আদালত বা অন্য কারণে অযোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাদের জন্য সরকার বিকল্প কিছু ব্যবস্থা করার কথা ভাবছে।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২০১৬ সালের উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার জটিলতা কাটিয়ে ২০২৫ সালের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি বলেন, “আমাদের হাতে এখনো ৫৬ হাজার শূন্যপদ আছে। এর মধ্যে ৩৫ হাজার পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং আরও ২১ হাজার পদ খালি আছে।”
তিনি আরও বলেন, “কিছু লোক কোর্টে চলে যায়, আর তাতেই নিয়োগ প্রক্রিয়া আটকে যায়। যারা অযোগ্য ছিল, তাদের চাকরি চলে যাওয়ায় আমি মানসিকভাবে খুশি নই।”
মুখ্যমন্ত্রী জানান, যোগ্য প্রার্থীদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আগামী ২-৩ মাসের মধ্যে তা শেষ হবে। এরপর গ্রুপ সি ও ডি-এর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও বলেন, “যারা ১০-১২ বছর ধরে চাকরি করেছেন, তাদের বয়স পেরিয়ে গেছে, তাদের কথা সরকার বিবেচনা করবে।”
অযোগ্যদের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বেচারা শিক্ষক হিসেবে কাজ করেও আজ তারা অযোগ্য। আমি আইনি আলোচনা করছি। হয়তো তারা শিক্ষক হিসেবে থাকতে পারবেন না, কিন্তু গ্রুপ সি-তে যাতে তারা কোনো জায়গা পায়, সেই বিষয়ে আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে জানাব।” তিনি বলেন, তার সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো দেখছে।