TMC’র প্রতিবাদ মঞ্চ ঘিরে ফের বিতর্ক! এবার ময়দানে প্রাক্তন সেনাকর্মীরা, জল গড়াল হাইকোর্ট পর্যন্ত

মেয়ো রোডে বাংলা ভাষার অধিকার নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মঞ্চ উচ্ছেদকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এই ঘটনায় সেনাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের জেরে এবার মাঠে নেমেছেন প্রাক্তন সেনা আধিকারিকরা। তাঁরা মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ধরনা করার অনুমতি চেয়েছেন, কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি। এই নিয়ে এখন মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আগামী ৮ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে।

কেন এই সংঘাত?
ঘটনার সূত্রপাত হয়েছিল যখন সেনা কর্তৃপক্ষ মেয়ো রোডের রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদ মঞ্চটি সরিয়ে দেয়। সামরিক এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে চলা এই মঞ্চের অনুমতি না থাকায় গত সোমবার সেনা কর্মীরা মঞ্চের ত্রিপল, বাঁশ এবং ফ্লেক্স খুলে ফেলেন।

এই খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান এবং সেনার ভূমিকাকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন যে, বিজেপি এবং দিল্লির নির্দেশে এই কাজটি করা হয়েছে। তিনি আরও বলেন, প্রায় ২০০ সেনাকর্মী তাকে দেখে পালিয়ে যান এবং তাদের কোনো দোষ নেই, কারণ তারা রাজনৈতিক চাপে কাজ করছেন।

প্রাক্তন সেনা আধিকারিকদের অবস্থান
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর ভাবমূর্তিকে কলঙ্কিত করছেন। তিনি প্রশ্ন তোলেন, তৃণমূল কি রাজনৈতিক স্বার্থে সেনাকে আক্রমণ করছে?

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিকরা ধরনা কর্মসূচির সিদ্ধান্ত নেন। পুলিশ অনুমতি না দেওয়ায় তারা কলকাতা হাইকোর্টে আবেদন করেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাদের আবেদন গ্রহণ করেছেন এবং মামলার শুনানি হবে আগামী ৮ সেপ্টেম্বর। এখন দেখার বিষয়, আদালত এই সংবেদনশীল বিষয়ে কী রায় দেয়।