ঝাড়খণ্ডের জঙ্গলে মাওবাদী-নিরাপত্তাবাহিনী গুলির লড়াই, সংঘর্ষে প্রাণ গেল ২ জওয়ানের, আহত ১

মাওবাদী দমনে নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানের মধ্যেই এবার পালটা আঘাত হেনেছে মাওবাদীরা। ঝাড়খণ্ডের পালামৌ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের এক ভয়ংকর গুলির লড়াইয়ে দুই জওয়ান শহিদ হয়েছেন। এই সংঘর্ষে আরও এক জওয়ান গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, পালামৌ জেলার মানাতু থানা এলাকার কেদল গ্রামে জঙ্গলের মধ্যে মাওবাদীদের গতিবিধি লক্ষ্য করা গেছে। খবর পাওয়ার পর পুলিশ ও সিআরপিএফ-এর একটি যৌথবাহিনী সেখানে অভিযানে নামে। পালামৌর ডিআইজি নওশাদ আলম জানান, রাত সাড়ে ১২টা নাগাদ অভিযান শুরু হয় এবং জঙ্গলে মাওবাদীদের সঙ্গে বাহিনীর সরাসরি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে দুই জওয়ান ঘটনাস্থলেই শহিদ হন। আহত অপর জওয়ানকে দ্রুত পালামৌর মেদনিরাই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চের মধ্যে ‘মাওবাদমুক্ত ভারত’ গড়ার লক্ষ্য স্থির করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘোষণার পর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খণ্ডের মতো মাওবাদী-অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবাদবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। গোয়েন্দা সূত্র অনুযায়ী, মাওবাদীরা এখন ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমানার কারেগুট্টা পাহাড়ি এলাকাকে তাদের প্রধান শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। এই এলাকা থেকে মাওবাদীদের উৎখাত করতে প্রায় ৩ হাজার আধাসেনা মোতায়েন করা হয়েছে। ক্রমাগত এই অভিযানের চাপে কোনঠাসা হয়ে পড়া মাওবাদীরা এখন সাধারণ গ্রামবাসীদের ওপরও হামলা চালানো শুরু করেছে।