“ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করছে…”-ট্যারিফ নিয়ে ফের বিস্ফোরক দাবি ডোনাল্ড ট্রাম্পের

ভারতের শুল্ক নীতি নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করে বলেছেন, “ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করছে।” দুই দেশের মধ্যে বাণিজ্য ও শুল্ক নীতি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ট্রাম্প এই মন্তব্য করেন।
মঙ্গলবার দ্য স্কট জেনিংস রেডিও শো-তে এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি ভারত ও চীনের বিরুদ্ধে শুল্ক নীতির কারণে আমেরিকাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তোলেন। তিনি বলেন, “তারা (ভারত) আমাদের বিরুদ্ধে শুল্ক আরোপ করে। চীন আমাদের শুল্ক দিয়ে শেষ করে দিচ্ছে, আর ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করছে। ব্রাজিলও একই কাজ করছে।”
ট্রাম্প আরও দাবি করেন, ভারত সম্প্রতি ওয়াশিংটনকে জানিয়েছে যে তারা আর কোনো নতুন শুল্ক আরোপ করবে না। তিনি বলেন, “আপনারা জানেন, ভারত আমাকে জানিয়েছে, আর কোনো শুল্ক থাকবে না। কোনো শুল্ক নয়।”
ট্রাম্পের মতে, তার কঠোর শুল্ক নীতির কারণেই ভারত এই প্রস্তাব দিতে বাধ্য হয়েছে। তিনি বলেন, “যদি আমার শুল্ক না থাকত, তারা কখনোই এমন প্রস্তাব দিত না। কখনোই না। তাই শুল্ক থাকা জরুরি। আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হব।”
আদালতের রায় ও ট্রাম্পের প্রতিক্রিয়া
সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত ট্রাম্পের আরোপ করা শুল্ককে অবৈধ বলে রায় দিয়েছেন। এর জবাবে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বলেন, “আপিল আদালত ভুলভাবে আমাদের শুল্ক প্রত্যাহার করার কথা বলেছেন। কিন্তু তারা জানেন, শেষ পর্যন্ত আমেরিকাই জিতবে।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ভারতের ওপর বিশ্বের অন্যতম সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর মধ্যে রাশিয়া থেকে কেনা তেলের জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও অন্তর্ভুক্ত, যাকে ভারত ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছে।