‘রামায়ণ’ এর পর ‘অ্যানিমেল পার্ক’ দিয়ে রণবীর কাপুরের চমক! নিচ্ছেন ৬ মাসের প্রস্তুতি

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত রণবীর কাপুরের ব্লকবাস্টার হিট ‘অ্যানিম্যাল’ নিয়ে দর্শকদের উন্মাদনা এখনও তুঙ্গে। বিশ্বজুড়ে ৯০০ কোটিরও বেশি আয় করা এই ছবিটি শুধু রণবীরের দুর্দান্ত প্রত্যাবর্তনই নিশ্চিত করেনি, বরং তৃপ্তি ডিমরিকে রাতারাতি ‘জাতীয় ক্রাশ’ বানিয়েছে এবং ববি দেওলের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এখন সকলের আগ্রহ তার বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে। কবে থেকে শুরু হবে এই ছবির কাজ?

বর্তমানে রণবীর কাপুর সঞ্জয় লীলা বানসালির বিগ-বাজেট ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ নিয়ে ব্যস্ত। পাশাপাশি, তিনি নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর প্রথম পর্বের শুটিংও শেষ করেছেন। অন্যদিকে, ‘অ্যানিম্যাল’-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা এখন তার নতুন ছবি প্রভাসের ‘স্পিরিট’ নিয়ে ব্যস্ত। সম্প্রতি এক প্রতিবেদনে জানা গেছে, ‘স্পিরিট’ ছবির জন্য প্রভাস তার চেহারা পরিবর্তন করছেন— ওজন কমানো থেকে শুরু করে চুলের স্টাইল এবং পোশাক সবকিছুতেই আসবে নতুনত্ব।

সন্দীপ রেড্ডি ভাঙা ‘স্পিরিট’-এর শুটিং মাত্র ৬ মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা করেছেন। এই ছবির কাজ শেষ হলেই তিনি ‘অ্যানিম্যাল পার্ক’-এর দিকে নজর দেবেন।

‘অ্যানিম্যাল পার্ক’-এর সর্বশেষ আপডেট

একটি সংবাদ ওয়েবসাইট অনুযায়ী, সন্দীপ রেড্ডি ভাঙা প্রভাসের ‘স্পিরিট’-এর শুটিং শেষ করে ২০২৩ সালের হিট ছবির সিক্যুয়েলের কাজ শুরু করবেন। ধারণা করা হচ্ছে, রণবীরের ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং শেষ হওয়ার পর আগামী বছরের মাঝামাঝি সময়ে ‘অ্যানিম্যাল পার্ক’-এর কাজ শুরু হতে পারে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সোশ্যাল মিডিয়া জুড়ে এই খবরই এখন ভাইরাল।

প্রথম ছবিতে ববি দেওলের চরিত্রটি শেষ হয়ে যাওয়ায় অনেকেই মনে করছেন, সিক্যুয়েলে তাকে নাও দেখা যেতে পারে। এখন দেখার বিষয়, নির্মাতারা নতুন পর্বে কী চমক নিয়ে আসেন।