‘গায়ে হাওয়া লাগিয়ে ঘোরার দিন শেষ’, কড়াকড়ি রেল! টিটিদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক

কাজে ঢিলেমি এবং ভুয়ো রিপোর্টিং বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। অভিযোগ উঠেছে, বহু রেলকর্মী ডিউটিতে হাজির না হয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মিথ্যা রিপোর্ট জমা দিচ্ছেন। এই দুর্নীতি ঠেকাতে রেল এবার ফিল্ড ডিউটিতে থাকা কর্মীদের জন্য বায়োমেট্রিক হাজিরার কড়া নিয়ম চালু করতে চলেছে।

রেল দপ্তর সূত্রে জানা গেছে, এই মুহূর্তে পরীক্ষামূলকভাবে এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে টিকিট পরীক্ষকদের (টিটিই) জন্য। ইতিমধ্যেই মালদহ ডিভিশন-সহ কয়েকটি শাখায় এই উদ্যোগ শুরু হয়েছে। রেলের শীর্ষ মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে, খুব শিগগিরই এই নতুন নিয়মটি সারা দেশে কার্যকর করা হবে।

গত ২৯ আগস্ট পূর্ব-মধ্য রেলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে প্রথম ডিজিটাল টিটিই লবি চালু করা হয়েছে। এই বায়োমেট্রিক ব্যবস্থা চালু হলে টিটিইদের ‘ওয়ার্কিং আওয়ার্স’ এবং ডিউটির রিয়েল টাইম আপডেট পাওয়া সহজ হবে। এর ফলে কোথায় কর্মী কম আছে, তা স্পষ্টভাবে বোঝা যাবে। টিটিইদের হাতে থাকা ট্যাবেই এই বায়োমেট্রিক ব্যবস্থা যুক্ত করা হচ্ছে।

রেল কর্তৃপক্ষের আশা, এই নতুন ব্যবস্থা রেলের অভ্যন্তরে কাজের শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা কমাবে।