BigNews: ২৫ টাকা কেজি দরে বিক্রি হবে পেঁয়াজ, কেন্দ্র সরকারের বড় পদক্ষেপ

আসন্ন উৎসবের মরসুমে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। আজ, বৃহস্পতিবার থেকে দেশজুড়ে ২৫ টাকা কেজি দরে বিক্রি হবে পেঁয়াজ। নয়াদিল্লির কৃষি ভবন থেকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এই বিশেষ উদ্যোগের সূচনা করবেন।

কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে, ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া (NCCF)-এর মতো একাধিক সমবায় সংস্থার মাধ্যমে এই ভর্তুকি মূল্যের পেঁয়াজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এর জন্য সারা দেশে মোবাইল ভ্যান ব্যবহার করা হবে, যা সরাসরি ক্রেতাদের কাছে কম দামে পেঁয়াজ বিক্রি করবে।

যদিও বর্তমানে পেঁয়াজের দাম মধ্যবিত্তের হাতের নাগালে রয়েছে, তবুও ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে দাম বাড়তে পারে। চলতি বছরে চরম আবহাওয়ার কারণে ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে টমেটো, পেঁয়াজ এবং আলুর মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের ফলনে এর প্রভাব পড়েছে। এর ফলে বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ার এবং দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গত বছর নভেম্বরে পেঁয়াজের দাম কেজি প্রতি ৮০ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যা খুচরো মূল্যস্ফীতিকে ৬.২১ শতাংশে ঠেলে দিয়েছিল। সেই পরিস্থিতি যাতে এবার না হয়, সেজন্যই সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে। সরকারের এই পদক্ষেপ সাধারণ মানুষের পকেটের উপর চাপ কমাতে সাহায্য করবে এবং উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।