ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মৃত্যু ৫ ব্যবসায়ীর

বিহারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার মাঝরাতে পাটনা-গয়া-ধোবি চার লেনের ৮৪ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের সঙ্গে তাদের চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে জাতীয় সড়কের সুইয়া মোড়ে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ গ্যাস কাটার ও ক্রেনের সাহায্যে প্রায় দু’ঘণ্টা চেষ্টা করে গাড়ির ভেতর থেকে পাঁচজনের দেহ উদ্ধার করে। নিহত ব্যক্তিরা সবাই কীটনাশক ও কৃষিপণ্যের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তারা পাটনা এবং তার আশেপাশের জেলার বাসিন্দা।

নিহতদের পরিচয়:
রাজেশ কুমার (৫০), পাটনার কুর্জি চশমা গলির বাসিন্দা।

সঞ্জয় কুমার সিনহা (৫৫), পাটনার প্যাটেল নগরের বাসিন্দা।

কমল কিশোর (৩৮), পাটনার বাসিন্দা।

প্রকাশ চৌরাসিয়া (৩৫), সমস্তিপুরের বাসিন্দা, যিনি বর্তমানে পাটনায় থাকতেন।

সুনীল কুমার (৩৮), মুজাফফরপুরের বাসিন্দা, যিনি বর্তমানে পাটনায় থাকতেন।

পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি হয়তো উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে।