‘SSC-র ‘দাগি’দের তালিকা এখনও অসম্পূর্ণ’, শুভেন্দুর বিস্ফোরক অভিযোগে নয়া বিতর্ক!

২৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিল বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে ঝড় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্কুল সার্ভিস কমিশন (SSC) সম্প্রতি যে ‘দাগি’দের তালিকা প্রকাশ করেছে, তা অসম্পূর্ণ বলে দাবি করেছেন তিনি। শুভেন্দু অধিকারীর বক্তব্য, তাঁর কাছে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা আছে এবং তিনি নিজেই তা প্রকাশ করে দেবেন।
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, “আমি জানি সম্পূর্ণ তালিকা। আমিই তালিকা প্রকাশ করে দেব। ১,৯৫৮ জন হল দাগি। যেটা প্রকাশ হয়েছে তা অসম্পূর্ণ তালিকা।” তিনি আরও বলেন, “আপনাদের আর বলতে হবে চোর ধরো, জেলে ভরো। এখন একটাই আওয়াজ, চাকরি চোর।”
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট ২৬ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পর সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নেওয়ার কথা জানায়। এরই মধ্যে কিছু চাকরিপ্রার্থী আদালতে অভিযোগ করেন যে, অনিয়মের মাধ্যমে চাকরি পাওয়া ‘দাগি’রাও নতুন করে পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে। এরপরই সুপ্রিম কোর্ট SSC-কে সেইসব ‘দাগি’দের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়।
SSC তালিকা প্রকাশ করলেও বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মা প্রশ্ন তোলেন, ‘দাগিদের নামের তালিকা এত কম কেন?’ এর জবাবে কমিশন জানায়, সিবিআই তালিকায় যাদের নাম ছিল, তাদের সবাইকে নিয়োগ করা হয়নি। শুধুমাত্র যারা চাকরি পেয়েছেন, তাদের নামই তালিকায় রয়েছে। কিন্তু এবার শুভেন্দু অধিকারীর এই দাবি বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালল।