রাতের অন্ধকারে ধুন্ধুমার ‘অ্যাকশন’! ‘দাবাং’ রূপে জলপাইগুড়ি পুলিশ, হঠাৎ কী হল?

শহরকে মাদকমুক্ত করতে কড়া পদক্ষেপ নিল জলপাইগুড়ি পুলিশ। সম্প্রতি স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে পুলিশ এবং র্যাফ (RAF) বাহিনী জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে। এই অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে এবং একাধিক নেশার ঠেক ভেঙে দেওয়া হয়েছে।
গত রবিবার জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একত্রিত হয়ে মাদকবিরোধী আন্দোলন শুরু করেন। তাঁরা দুই মাদক কারবারির বাড়ি গুঁড়িয়ে দেন এবং মাদক কিনতে আসা ২০ জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এলাকার বাসিন্দারা মাদক কারবার বন্ধ করার জন্য ৬০ জনের একটি দল গঠন করে পাড়ায় পাহারা দেওয়া শুরু করেন।
এলাকার এই প্রতিরোধ আন্দোলনের পর এবার পুলিশ নিজেরাও মাঠে নেমেছে। সাদা পোশাকের পুলিশ ও র্যাফকে সঙ্গে নিয়ে রাতভর জলপাইগুড়ি শহরে অভিযান চালানো হয়। পুলিশের এই ‘রাফ অ্যান্ড টাফ’ অ্যাকশনে স্থানীয় মানুষজন খুবই খুশি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে মাদকের বিরুদ্ধে নিয়মিত এই ধরনের অভিযান চলবে।