বোমা ফাটালেন ললিত মোদি! IPL- শুরুর আগেই ‘প্রত্যেক নিয়ম ভেঙেছি’, ফাঁস করলেন গোপন কথা

এশিয়া কাপের প্রস্তুতির মধ্যেই এক বিস্ফোরক মন্তব্য করে ক্রিকেট বিশ্বে ঝড় তুললেন আইপিএলের প্রাক্তন পৃষ্ঠপোষক ললিত মোদি। সম্প্রতি একটি পডকাস্টে তিনি দাবি করেছেন, ২০০৮ সালে আইপিএলের প্রথম ম্যাচেই তিনি টুর্নামেন্টের সব নিয়ম ভেঙেছিলেন। সেই ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ললিত মোদি মাইকেল ক্লার্ককে জানান, আইপিএলের প্রথম ম্যাচের সাফল্য নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন। কারণ, সেই ম্যাচের ওপরই টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ভর করছিল। তিনি বলেন, “সোনির সঙ্গে আমাদের এক্সক্লুসিভ সম্প্রচারের চুক্তি ছিল। কিন্তু সোনির নেটওয়ার্ক সব জায়গায় পৌঁছাত না। আমি চেয়েছিলাম, আইপিএলের প্রথম ম্যাচ সবাই দেখুক।”
এজন্য তিনি সনি নেটওয়ার্কের এক্সক্লুসিভ ব্রডকাস্টিং রাইটস অগ্রাহ্য করে অন্য সব ব্রডকাস্টার এবং নিউজ চ্যানেলকে সেই ম্যাচ সরাসরি সম্প্রচার করার নির্দেশ দেন। এতে সোনি তাঁকে মামলা করার হুমকি দেয়, কিন্তু ললিত মোদি সেই হুমকি উড়িয়ে দেন। তিনি বলেন, “আমি পাল্টা বলি, মামলা পরে করো। আমরা এখন লাইভ যাচ্ছি, কারণ তোমাদের নেটওয়ার্ক সব জায়গায় পৌঁছয় না। প্রথম ম্যাচ ফ্লপ করলে, আমি মরে যেতাম।”
এই মন্তব্যের পাশাপাশি, ললিত মোদি সম্প্রতি ‘স্ল্যাপগেট’ ভিডিও প্রকাশ্যে এনে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। ২০০৮ সালের আইপিএলে হরভজন সিং এস শ্রীশন্থকে চড় মেরেছিলেন। ১৭ বছর পর সেই ভিডিও প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ হরভজন সিং বলেন, এর পেছনে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে।