মেয়ো রোডে এবার সেনার প্রাক্তন আধিকারিকদের ধরনা! মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ, অনুমতি দিল হাইকোর্ট

মেয়ো রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলা এবং তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে এবার ধরনায় বসতে চলেছেন সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে তারা মেয়ো রোডে কর্মসূচি পালনের জন্য কলকাতা হাইকোর্টের কাছে অনুমতি চেয়েছেন।
ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্তার প্রতিবাদে মেয়ো রোডে ‘তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ’ খোলা হয়েছিল। গত সোমবার সেই মঞ্চটি সেনাবাহিনীর কর্মীরা ভেঙে দেন। সেনা জানায়, তাদের পক্ষ থেকে মাত্র দুই দিনের জন্য ওই মঞ্চ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তা দীর্ঘ দিন ধরে ব্যবহার করা হচ্ছিল।
মঞ্চ ভাঙার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে সেনার বিরুদ্ধে সরব হন। তিনি অভিযোগ করেন, “সেনাবাহিনী নয়, পিছনে ছুপা রুস্তম বিজেপি পার্টি আছে।” তিনি আরও দাবি করেন, প্রায় ২০০ জন সেনাকর্মী তাকে দেখে “ছুটে পালাচ্ছিল।” তার এই মন্তব্যে তীব্র বিতর্ক শুরু হয়।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিকরা ধরনা কর্মসূচি করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চান। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৮ সেপ্টেম্বরের জন্য এই মামলার শুনানির অনুমতি দিয়েছেন। এই মামলার পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।