‘শুভ জন্মদিন ঋষিজি!’ স্বামীর ৭৩তম জন্মদিনে আবেগী নীতু, শেয়ার করলেন দুষ্টুমি ভরা মুহূর্ত

আজ যদি তিনি বেঁচে থাকতেন, তাহলে ধূমধাম করে তাঁর ৭৩তম জন্মদিন পালন করা হতো। কিন্তু নশ্বর দেহ না থাকলেও সিনেমার মাধ্যমেই তিনি বেঁচে আছেন মানুষের মনে। প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের ৭৩তম জন্মদিনে তাঁকে স্মরণ করলেন স্ত্রী নীতু কাপুর এবং ছেলে রণবীর কাপুর। এদিন ঋষির জন্মদিনে আবেগঘন হয়ে নীতু একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে ঋষির দুষ্টুমি ভরা মুহূর্ত।

‘খুল্লাম খুল্লা’র স্মৃতিতে নীতু
নীতু কাপুর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘খুল্লাম খুল্লা-লাইভ উইথ ঋষি কাপুর’-এর একটি পুরোনো ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। ভিডিওটিতে ঋষি কাপুরের সঙ্গে দেখা যায় তার ভাই রণধীর কাপুর, ছেলে রণবীর কাপুর, মেয়ে ঋদ্ধিমা, বোন রিমা, পরিচালক রমেশ সিপ্পি, অভিনেতা জিতেন্দ্র-সহ আরও অনেককে। ক্যাপশনে নীতু লেখেন, “তুমি সবসময় আমাদের মনে বেঁচে থাকবে। শুভ জন্মদিন।”

ঋষি কাপুরের বলিউড যাত্রা
১৯৭০ সালে ‘মেরা নাম জোকার’ সিনেমার মাধ্যমে ঋষি কাপুর বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর তার বাবা রাজ কাপুরের পরিচালনায় ‘ববি’ সিনেমায় ডিম্পল কাপাডিয়ার বিপরীতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেন। প্রথম ছবি থেকেই তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছন। নীতু সিংয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্কও তৈরি হয় সিনেমায় কাজ করতে গিয়েই। দু’জনে একসঙ্গে বেশ কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল ‘জেহরিলা ইনসান’, ‘জিন্দা দিল’ এবং ‘খেল খেল মে’।

শেষ ছবি ও জীবনাবসান
প্রয়াত অভিনেতা ঋষি কাপুরকে শেষবার ‘শর্মাজি নমকিন’ ছবিতে দেখা যায়। এই ছবির শুটিং চলাকালীন ২০২০ সালে তার হঠাৎ মৃত্যু হয়। পরে অভিনেতা পরেশ রাওয়াল তার বাকি দৃশ্যগুলো সম্পন্ন করেন। ২০২০ সালের ৩০ এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।