‘মাছের ঝুড়িটা এ দিকে আনুন’, হাসপাতালের রান্নাঘরে ঢুকে BJP বিধায়ক যা করলেন…?

হাসপাতালের রোগীদের নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ তুলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রান্নাঘরে হঠাৎ হানা দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। অনুমতি ছাড়া হাসপাতালের অন্দরে প্রবেশ করে তিনি নিজেই সেই ঘটনার ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন, যা নিয়ে রাজ্যজুড়ে তীব্র শোরগোল শুরু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাকে নিয়ম ভাঙার শামিল বলে অভিযোগ তুলেছে।
দীর্ঘদিন ধরেই বাঁকুড়া মেডিক্যাল কলেজে রোগীদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বুধবার কাউকে কিছু না জানিয়েই বিধায়ক নীলাদ্রিশেখর দানা হাসপাতালের রান্নাঘরে ঢুকে পড়েন। সেখানে তিনি মাছের ঝুড়ি, ভাত ভরা ডেকচি— সবকিছু পরীক্ষা করেন। এমনকি ঠিকাদার সংস্থার কর্মীদের মাছের পিসের ওজন কত, তাও জিজ্ঞাসা করেন এবং তাদের ধমক দেন।
পরে তিনি নিজেই এই অভিযানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এরপরই বিষয়টি রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়।
বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর রায় এই ঘটনাকে ‘ভোটের গিমিক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “ভোট আসছে, তাই বিধায়ক রাজনীতি করছেন। এই ধরনের ঘটনা কখনওই কাম্য নয়।”
অন্যদিকে, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার অর্পণকুমার গোস্বামী এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি রোগীদের খোঁজ নিতে আসতেই পারেন, কিন্তু হাসপাতালের অন্দরে প্রবেশ করতে হলে কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়। বিধায়ক সেই অনুমতি নেননি। বিষয়টি নিয়ে মেডিক্যাল কাউন্সিলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
এই ঘটনাটি একদিকে যেমন রোগীদের দুর্দশার বিষয়টি তুলে ধরেছে, তেমনি জনপ্রতিনিধিদের আচরণ এবং হাসপাতালের নিরাপত্তার প্রশ্নটিও সামনে এনেছে।