GST কমায় তৃণমূলের ‘জয়’ ঘোষণা, মমতার পুরোনো চিঠি প্রকাশ্যে এনে তুমুল কটাক্ষ কেন্দ্রকে!

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে জিএসটি কাউন্সিলের বৈঠকে একাধিক পণ্যে কর কমানোর সিদ্ধান্তকে ‘সাধারণ মানুষের জয়’ বলে ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে স্বাস্থ্য ও জীবনবিমার ওপর থেকে জিএসটি তুলে নেওয়ার সিদ্ধান্তকে তৃণমূল তাদের দীর্ঘদিনের আন্দোলনের ফল হিসেবে দেখছে।

জিএসটি কমানোর ঘোষণার পরই তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্ট করেছে। সেই পোস্টে ২০২৪ সালের ২ আগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি চিঠির ছবি প্রকাশ করা হয়েছে। ওই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে স্বাস্থ্যবিমা ও জীবনবিমায় ১৮ শতাংশ জিএসটি বসানোর সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ বলে উল্লেখ করেছিলেন।

তৃণমূলের এই পোস্টে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, তৃণমূল এই ধরনের ‘জন-বিরোধী’ সিদ্ধান্তের বিরুদ্ধে ভবিষ্যতে পার্লামেন্টে, রাস্তায় এবং মানুষের মধ্যে থেকে লড়াই চালিয়ে যাবে। এই পদক্ষেপের মাধ্যমে তৃণমূল বোঝাতে চেয়েছে যে, জনগণের স্বার্থে তাদের ধারাবাহিক চাপ এবং আন্দোলনের কারণেই কেন্দ্র সরকার জিএসটি কমানোর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।