টানা বৃষ্টিতে বাড়ছে যমুনার জল, দিল্লিতে জারি বন্যা সতর্কতা! বাংলাতেও কি ভাসবে পুজো?

টানা বর্ষণে যমুনা নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় দিল্লিতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। দিল্লির পুরোনো রেল সেতুর কাছে যমুনার জলস্তর এখন ২০৭.৪৮ মিটার, যা বিপদসীমার অনেক উপরে। ইতিমধ্যে ময়ূর বিহার ফেজ-১ সহ দিল্লির নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। জল ঢুকেছে ঘরবাড়ি ও ত্রাণশিবিরে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে।

দিল্লির ভয়াবহ পরিস্থিতি
রাজধানীর সিভিল লাইনস এলাকার রাস্তায় গাড়ি পর্যন্ত ডুবে গেছে, আর কাশ্মীরি গেট সম্পূর্ণ জলমগ্ন। বুধবারের ভারী বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় ব্যাপক যানজট তৈরি হয়েছিল, আর যমুনার তীরবর্তী এলাকাগুলোর অবস্থা আরও খারাপ হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দিল্লিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।

প্রতিবেশী রাজ্যগুলোতেও সংকট
দিল্লির মতো একই রকম ভয়াবহ পরিস্থিতি পাঞ্জাবে। সেখানে বন্যার কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭-এ। ১৯৮৮ সালের পর পাঞ্জাবে এমন ভয়াবহ বন্যা আর দেখা যায়নি। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, এবং আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হরিয়ানাতেও ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরেও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

পুজোর মুখে বাংলাতেও কি বৃষ্টি?
পুজোর আর মাত্র ২৩ দিন বাকি। এর মধ্যেই একের পর এক নিম্নচাপের কারণে বাংলায় বৃষ্টি থামার নাম নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, সেপ্টেম্বরের এই সময়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। যদিও ষষ্ঠী থেকে দশমীর মধ্যে আবহাওয়া কেমন থাকবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু জানানো হয়নি, তবে পুজোর সময় বৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।