GST-তে কমল টিভি, বাইকের দাম, জেনেনিন বেশি মূল্যে কিনতে হবে কী কী?

সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি আনতে এবং পণ্য পরিষেবা কর বা জিএসটি-তে সরলীকরণ করতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুধবার ঘোষণা করেছেন যে, এখন থেকে জিএসটি-র মূল কর হার হবে দুটি, ৫ এবং ১৮ শতাংশ। এই নতুন কাঠামো আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এর ফলে বহু নিত্যপ্রয়োজনীয় জিনিস সস্তা হতে চলেছে, যা সাধারণ এবং মধ্যবিত্তের জন্য বড় স্বস্তির খবর।
সস্তা হচ্ছে যেসব জিনিস
জিএসটি-মুক্ত পণ্য (০%): অর্থমন্ত্রী জানিয়েছেন, দুধ, ছানা, পনির, পিৎজা রুটি এবং পরোটার উপর থেকে জিএসটি সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে। একইভাবে, ব্যক্তিগত বিমা পলিসি এবং ৩৩টি জীবনদায়ী ওষুধের উপরও আর কোনো জিএসটি দিতে হবে না। শিক্ষাসামগ্রী যেমন পেন্সিল, কাটার, ইরেজার এবং নোটবুক, যেগুলোতে আগে ১২% জিএসটি ছিল, সেগুলোতেও এখন কোনো কর লাগবে না।
৫% স্ল্যাবে নতুন সংযোজন: শ্যাম্পু, সাবান, তেলসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিস এখন ৫% করের আওতায় আনা হয়েছে। এছাড়াও, নোনতা খাবার, পাস্তা, কফি এবং নুডলসের উপর জিএসটি কমানো হয়েছে। স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ জিনিস যেমন থার্মোমিটার ও গ্লুকোমিটারের উপর কর ১৮% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। পনির এবং মাখনের উপর ১২% এর পরিবর্তে এখন ৫% কর বসানো হবে। কৃষকদের জন্য বড় স্বস্তি হিসেবে সারের উপর কর ১৮% থেকে কমিয়ে ৫% করা হয়েছে।
১৮% স্ল্যাবে সস্তা হচ্ছে যেসব জিনিস: ২৮% জিএসটি স্ল্যাবের অন্তর্ভুক্ত সমস্ত পণ্য এখন ১৮% স্ল্যাবে আনা হয়েছে। এর ফলে গাড়ি, বাইক, তিন চাকার গাড়ি, এসি এবং ফ্রিজের মতো পণ্য অনেক সস্তা হয়ে যাবে। এই তালিকায় আরও রয়েছে সিমেন্ট, ৩৫০ সিসি বাইক এবং অটো পার্টস।
দাম বাড়ছে যেসব জিনিসের
কেন্দ্রীয় সরকার ১২% এবং ২৮% এর পুরনো স্ল্যাবগুলো বাতিল করলেও, একটি নতুন ৪০% স্ল্যাব চালু করেছে। এই উচ্চ করের হার বিশেষভাবে ক্ষতিকারক এবং বিলাসবহুল পণ্যের উপর ধার্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে পান মশলা, সিগারেট, গুটখা, বিড়ি, এবং অন্যান্য তামাকজাত পণ্য। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো এসব পণ্যের ব্যবহার কমানো এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করা।