ভেঙে ফেলা হচ্ছে হলদিয়া গেট, কেন এই উদ্যোগ? বিস্তারিত জানুন

শিল্পনগরী হলদিয়ায় প্রবেশপথে পুরোনো গেটটি ভেঙে নতুন গেট তৈরির উদ্যোগ নিয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ (HDA)। এই কাজের জন্য ১১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। গতকাল বুধবার রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

জানা গেছে, জাতীয় সড়কের ব্রজলালচক থেকে কাপাসএড়্যা পর্যন্ত এই সময়টায় সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকছে। এই বিকল্প রুট হিসেবে মহিষাদল হয়ে চৈতন্যপুরের ওপর দিয়ে গাড়ি ঘোরানো হচ্ছে। এই সময়ের মধ্যেই রাস্তার উপর থাকা পুরনো হলদিয়া গেটটি ভেঙে ফেলার কাজ চলছে।

২০১৩ সালে নির্মিত এই গেটটির বর্তমান পরিকাঠামো দুর্বল হয়ে পড়েছে, তাই এটি ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। নতুন ডিজাইনের গেট তৈরির জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর বলেন, “শিল্পশহর হলদিয়ায় প্রবেশের মুখে পুরনো গেটটি বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। তাই এটি সরানোর জন্য রাতে জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে। একই জায়গায় একটি নতুন গেট তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে।”

এই নতুন গেটটি শুধুমাত্র হলদিয়ার সৌন্দর্য বৃদ্ধিই করবে না, একই সঙ্গে শহরের আধুনিক পরিকাঠামোর প্রতিচ্ছবিও তুলে ধরবে বলে মনে করছে প্রশাসন।