পুজোর আগেই মধ্যবিত্তের জন্য বড় উপহার, জিএসটি স্ল্যাব বদলাচ্ছে, সস্তা হচ্ছে এই সমস্ত জিনিস

দুর্গাপুজোর আগেই কেন্দ্রের তরফে এক দারুণ সুখবর পেতে চলেছে দেশের মধ্যবিত্ত পরিবারগুলি। জিএসটি ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনার কথা ভাবছে জিএসটি কাউন্সিল, যার ফলে দৈনন্দিন জীবনের বেশ কিছু জিনিসের দাম কমতে পারে। বুধবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে এই বিষয়ে বৈঠকে বসেছে জিএসটি কাউন্সিল।

জিএসটি সংস্কারের ইঙ্গিত
চলতি বছরের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিয়েছিলেন যে, দীপাবলির আগেই জিএসটি ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে জিএসটি কাউন্সিল এই বৈঠক ডেকেছে। বর্তমানে ৫%, ১২%, ১৮% এবং ২৮% – এই চারটি স্ল্যাবে জিএসটি ধার্য করা হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, ১২% ও ২৮%-এর স্ল্যাব দুটি তুলে দেওয়া হতে পারে এবং সেই পণ্যগুলিকে যথাক্রমে ৫% ও ১৮% স্ল্যাবে নামিয়ে আনা হতে পারে।

কোন কোন জিনিসের দাম কমবে?
যদি প্রস্তাবিত সংস্কার কার্যকর হয়, তবে একাধিক পণ্য ও পরিষেবার দাম কমতে পারে। উল্লেখযোগ্য কয়েকটি হলো:

গাড়ি ও অটোমোবাইল: ১২০০ সিসির কম ইঞ্জিনের ছোট গাড়ি, ৩৫০ সিসির কম ইঞ্জিনের মোটরসাইকেল এবং বিভিন্ন অটোমোবাইল পার্টসের দাম কমতে পারে।

খাদ্যপণ্য: পনির, পিৎজা ব্রেড, মাখন, চিজ, পাস্তা, এবং আইসক্রিমের মতো পণ্য সস্তা হবে।

অন্যান্য পণ্য: বিভিন্ন ধরনের অ্যাসিড (যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড), কার্পেট, হাতে বোনা কাপড়, রবার বা ইরেজার, এবং নোটবুকের দাম কমবে।

প্রসাধনী ও স্বাস্থ্য: টুথপেস্ট, শ্যাম্পু, চুলের তেল, এবং সাবানের মতো প্রসাধনী সামগ্রীর দাম কমবে। এছাড়া, অত্যাবশ্যকীয় ওষুধের উপর জিএসটি ১২% থেকে কমে ৫% হতে পারে।

পরিষেবা: হোটেল ভাড়া এবং সিনেমার টিকিটের দাম কমতে পারে। পাশাপাশি, স্বাস্থ্য ও জীবনবিমার প্রিমিয়ামে জিএসটি ছাড় দেওয়া হতে পারে।

কোন জিনিসের দাম বাড়তে পারে?
সবকিছুর দাম কমছে এমনটা নয়, কিছু পণ্যের দাম আবার বাড়তে পারে। এর মধ্যে প্রধানত রয়েছে সিগারেট, তামাকজাত পণ্য, পানমশলা এবং ইলেকট্রিক গাড়ির মতো পণ্য। এছাড়াও, ২৫০০ টাকার বেশি দামের পোশাকের দাম বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই নতুন জিএসটি স্ল্যাব ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে পারে। এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে তা সাধারণ মানুষের পকেটে কতটা স্বস্তি আনবে, সেটাই এখন দেখার বিষয়।