“অ্যাকাউন্ট থেকে জঙ্গিদের টাকা পাঠানো হয়েছে”!-বৃদ্ধাকে ভয় দেখিয়ে ৪৩ লক্ষ টাকা লুট

সাইবার প্রতারণার শিকার হয়ে আবারও মোটা অঙ্কের টাকা খোয়ালেন এক বৃদ্ধা। এবার প্রতারণার অভিনব পদ্ধতি হিসাবে ব্যবহার করা হয়েছে জম্মু ও কাশ্মীরের ‘পহেলগাম জঙ্গি হানা’-কে। নয়ডার এক ৭৬ বছর বয়সী বৃদ্ধাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে প্রায় ৪৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা।

নয়ডার ৪১ নম্বর সেক্টরের বাসিন্দা সরলা দেবীর কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে নিজেকে ‘পুলিশ’ পরিচয় দিয়ে এক প্রতারক জানায়, মুম্বাইয়ে তার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্টটি জুয়া, হাওয়ালা এবং সন্ত্রাসবাদী সংগঠনে অর্থায়নের জন্য ব্যবহৃত হচ্ছে। আরও ভয় দেখিয়ে সে জানায়, গত ২১ এপ্রিলের পহেলগাম হামলার জন্য জঙ্গিরা সরলা দেবীর ফোন নম্বর ব্যবহার করেছে এবং তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

প্রতারকরা বৃদ্ধাকে জানায়, দ্রুত জামিনের টাকা জমা না করলে তাকে গ্রেফতার করা হবে। স্বাভাবিকভাবেই, ভয় পেয়ে সরলা দেবী তাদের ফাঁদে পা দেন। এরপর তারা বিভিন্ন কিউআর কোড (QR Code) পাঠিয়ে গত ২০ জুলাই থেকে ১৩ আগস্টের মধ্যে বৃদ্ধার কাছ থেকে ধাপে ধাপে প্রায় ৪৩.৭ লক্ষ টাকা হাতিয়ে নেয়। প্রথমবার ৭০ হাজার এবং পরে সর্বোচ্চ ১১ লক্ষ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে জমা করতে বাধ্য করা হয় তাকে।

প্রতারকরা যখন আরও ১৫ লক্ষ টাকার জন্য চাপ দিতে শুরু করে, তখন বৃদ্ধার সন্দেহ হয়। তিনি একজন আইনজীবীর সঙ্গে কথা বলে জানতে পারেন যে তিনি একটি বড়সড় ডিজিটাল প্রতারণার শিকার হয়েছেন। এরপর তিনি সঙ্গে সঙ্গে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি। তার টাকা উদ্ধারের জন্য তিনি পুলিশের কাছে আবেদন করেছেন। নয়ডা পুলিশের সাইবার উইং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।