গোপনে DA মামলায় বড় চাল রাজ্যের! হঠাৎ করে পিছিয়ে গেল শুনানি, চূড়ান্ত রায় কি পুজোর আগে?

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ায় হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা। এর মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি নতুন ‘রিটেন সাবমিশন’ জমা দেওয়া হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই তথ্য দিয়ে বলেন, রাজ্য সরকার এক জুনিয়র আইনজীবীর মাধ্যমে এই আবেদন জমা দিয়েছে এবং এর একটি কপিও এখনও পর্যন্ত তাদের কাছে পাঠানো হয়নি।

কনফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, গত ১২ আগস্ট থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি কার্যত থমকে আছে। ১২ ও ২৬ আগস্টের পর ১ সেপ্টেম্বরও মামলার শুনানি হয়নি। বিচারপতিরা জানান, সেদিন আরও গুরুত্বপূর্ণ কিছু মামলা ছিল। ফলে শুনানি পিছিয়ে আগামী ৮ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় সরকারি কর্মচারীরা চূড়ান্ত রায়ের আশা ছেড়ে দিয়েছেন, যা তাদের মধ্যে হতাশা বাড়াচ্ছে।

এই অনিশ্চয়তার মধ্যেই একটি মহলে জল্পনা ছড়িয়েছে যে নবান্ন নাকি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৫ শতাংশ বাড়ানোর কথা ভাবছে। যদিও সরকারিভাবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। একইসাথে, ষষ্ঠ বেতন কমিশন ছেড়ে কখন সপ্তম বেতন কমিশন গঠিত হবে, তা নিয়েও কোনো উচ্চবাচ্য নেই। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ইতিমধ্যে সপ্তম বেতন কমিশনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছেন। মনে করা হচ্ছে, ২০২৫ সালের জুলাই মাস থেকে তাদের বর্ধিত ডিএ কার্যকর হতে পারে। সংশ্লিষ্ট মহলের অনুমান, পুজোর আগেই এই ডিএ বৃদ্ধির ঘোষণা আসতে পারে, যা কেন্দ্রীয় কর্মীদের জন্য এক বড়সড় সুখবর।