সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকার নিন্দা করা হচ্ছে না কেন? SCO-র বিবৃতিতে চরম ক্ষুদ্ধ কংগ্রেস!

সম্প্রতি চীনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর থেকেই এই নিয়ে কংগ্রেসের সমালোচনা অব্যাহত রয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই সম্মেলনে সীমান্তপারের সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের কোনো নিন্দা করা হয়নি।
কংগ্রেস নেতা শামা মোহাম্মদ বলেছেন, “এসসিও-র বিবৃতিতে সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানের নিন্দা করা হয়নি। ভারত ও পাকিস্তানকে একই ঝুড়িতে রাখা হচ্ছে।” তিনি আরও বলেন, ২০১৪ সালের আগে ভারতের সঙ্গে পাকিস্তানের এই ধরনের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখন রাশিয়া পাকিস্তানের ইস্পাত কারখানায় বিনিয়োগ করছে। এছাড়াও চীন পাকিস্তানকে নিয়মিত সামরিক ও আর্থিক সহায়তা দিচ্ছে। সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান মুনিরের মধ্যাহ্নভোজের বৈঠকের কথাও তিনি উল্লেখ করেন।
শামা মোহাম্মদ অভিযোগ করে বলেন, কূটনৈতিকভাবে পাকিস্তান ভারতের চেয়ে এগিয়ে। চীনের সঙ্গে সীমান্ত বিরোধ এবং আমেরিকার সঙ্গে বাণিজ্য শুল্কের মতো বিষয়েও ভারত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তিনি দাবি করেন, পাকিস্তানের উপর আমেরিকার শুল্ক ভারতের তুলনায় অনেক কম।
এর আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও এক্স-এ (আগের টুইটার) পোস্ট করে প্রশ্ন তুলেছিলেন। তিনি লেখেন, “প্রধানমন্ত্রী মোদী জিনপিংকে বলেছেন যে ভারত ও চীন উভয়ই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু ‘অপারেশন সিন্দুর’-এর সময় চীন এবং পাকিস্তানের যোগসাজশ নিয়ে তিনি একটি কথাও বলেননি।” এই ঘটনা ভারতীয় সেনা কর্মকর্তারা নিজেরাই প্রকাশ করেছিলেন বলে জয়রাম রমেশ দাবি করেন।
কংগ্রেসের এই অভিযোগগুলি ভারতীয় পররাষ্ট্রনীতির কার্যকারিতা এবং দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।