দল থেকে বহিষ্কৃত হয়েও বাবাকে সতর্ক করলেন কে. কবিতা, বললেন ‘বিরোধীরা চায় না আমরা ঐক্যবদ্ধ থাকি’

তেলেঙ্গানার রাজনীতিতে এখন উত্তাল পরিস্থিতি। ভারত রাষ্ট্র সমিতি (BRS) থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার দলের ভেতরে চলা ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করলেন বিআরএস নেত্রী কে. কবিতা। দল থেকে বহিষ্কারের একদিন পর তিনি এমএলসি পদ থেকেও পদত্যাগ করেছেন। সংবাদমাধ্যমের সামনে এসে তিনি সরাসরি তাঁর বাবা এবং দলের প্রধান কে. চন্দ্রশেখর রাও (কেসিআর)-কে তাঁর আশেপাশের মানুষদের সম্পর্কে সতর্ক করেছেন।

তিহার জেল থেকে মুক্তি পাওয়ার পর কে. কবিতা নানা ইস্যুতে সরব হয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তার বাবা কে. চন্দ্রশেখর রাও তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। এই বিষয়ে কবিতা বলেন, “জেল থেকে বেরিয়ে আমি দলের জন্য অনেক কাজ করেছি। কিন্তু বুঝতে পারছি না, আমার এই কাজগুলো কীভাবে দলবিরোধী হয়ে গেল।” তিনি অভিযোগ করেন, দলের কিছু নেতা তার বিরুদ্ধে মন্তব্য করায় তিনি পাল্টা জবাব দিয়েছিলেন, যা হয়তো ভালোভাবে নেওয়া হয়নি।

কবিতা তাঁর ভাই রামা রাওকে অনুরোধ করেছেন যেন তিনি তার খুড়তুতো ভাই হরিশ রাও এবং সন্তোষকে বিশ্বাস না করেন। তার অভিযোগ, এই দুজন কংগ্রেস এবং বিজেপির সাথে আঁতাত করে দলের ক্ষতি করছেন। তিনি বলেন, “রেভন্ত রেড্ডি এবং হরিশ রাও একসাথে বিমানে ভ্রমণ করার সময় আমাদের পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন। এর জবাব রেভন্ত রেড্ডিকে দিতে হবে।” তিনি আরও বলেন, এই দুই ব্যক্তিই তাদের পরিবার এবং দলকে ধ্বংস করার পরিকল্পনা করছে।

কবিতা বলেন, বিরোধীরা চায় না যে বিআরএস ঐক্যবদ্ধ থাকুক। তিনি আশা করেন তার বাবা তাঁর চারপাশে কী ঘটছে তা খতিয়ে দেখবেন এবং দলের ভেতরে চলা এই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন হবেন।