ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ, স্বামীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ

জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের আলালচাঁদ বস্তি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে। মৃত মহিলার নাম বিমলা বিশ্বাস বাওয়ালি (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, বিমলা তার স্বামী রামপ্রসাদ বাওয়ালির সঙ্গে আলালচাঁদ বস্তিতে থাকতেন। তাদের তিন সন্তান রয়েছে, যার মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে এবং একমাত্র ছেলে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন।

মঙ্গলবার সন্ধ্যায় রামপ্রসাদের বাবা মুকুল বাউলি বাড়ি ফিরে পুত্রবধূর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। কিন্তু সেই মুহূর্তে তিনি তার ছেলে রামপ্রসাদকে খুঁজে পাননি। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ক্রান্তি পুলিশ ফাঁড়ি এবং মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং মহিলার বাপের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত জানিয়েছেন, অভিযুক্ত রামপ্রসাদকে গ্রেপ্তারের জন্য পুলিশ জোরদার তল্লাশি শুরু করেছে।