বন্ধুদের সঙ্গে ঝগড়ার পরেই চরম সিদ্ধান্ত পঞ্চম শ্রেণির ছাত্রী? ঘটনায় চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ছাত্রীর বাবা-মা কেরলায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন। মেয়েটি তার বড় বোনের সঙ্গে জেঠু-জেঠিমার কাছে থাকত।

মৃতার দিদি জানায়, মঙ্গলবার স্কুল থেকে ফিরে বোন একটি সুইসাইড নোট লিখে রেখেছিল। নোটটি পড়ে সে দ্রুত ছাদে গিয়ে দেখে, বোন ছাদের ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন।

দিদির দাবি, ঘটনার দিন স্কুলে কয়েকজন সহপাঠীর সঙ্গে তার বোনের ঝামেলা হয়। বিবাদের এক পর্যায়ে এক ছাত্র তার বোনের গালে চড় মারে এবং জামাকাপড় ছিঁড়ে দেয়। এই অপমান সহ্য করতে না পেরেই মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে নামখানা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহটি কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।