খাদ্যরসিক উত্তম কুমার! লাঞ্চ থেকে ডিনারে মহানায়কের মেনুতে কী কী থাকতো জানেন? জানলে অবাক হবেন

মহানায়ক উত্তমকুমার। নামটা শুনলেই বাঙালির মনে এক বিশেষ জায়গা তৈরি হয়। তাঁর অভিনয়, চালচলন, জীবনযাপন নিয়ে আজও কৌতূহলের শেষ নেই। ঠিক যেমন ছিল তাঁর খাদ্যপ্রেম। আজকের ‘সিক্সপ্যাক’ তারকাদের মতো ডায়েট-প্রোটিনের কড়াকড়ি তাঁর জীবনে ছিল না। বরং, তিনি ছিলেন পুরোপুরি খাদ্যরসিক। তেলেভাজা থেকে শুরু করে মাছ, মাংস, মিষ্টি—সবকিছুই জমিয়ে খেতেন। কিন্তু নিজেকে ফিট রাখতে শরীরচর্চাতেও কোনো ফাঁক রাখতেন না তিনি।

উত্তমের প্রিয় খাবারের তালিকায় কী কী ছিল?
মায়ের হাতের রান্না: মায়ের হাতের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি ছিল উত্তমের সবচেয়ে পছন্দের খাবার। প্রতি শনি ও রবিবার তিনি ময়রা স্ট্রিটের বাড়ি থেকে ভবানীপুরের বাড়িতে যেতেন শুধু মায়ের হাতের এই রান্নাটি খেতে।

প্রিয় নায়িকাদের হাতের রান্না: উত্তমের জীবনে সুপ্রিয়া চৌধুরীর হাতের রান্নার কদর ছিল সবার জানা। সুপ্রিয়ার বানানো ‘কাজু চিকেন’-এর তিনি ছিলেন বিরাট ভক্ত। এছাড়াও, অভিনেত্রী কাজুরী গুহর রেসিপি ‘লঙ্কা মুরগি’ তাঁর খুব প্রিয় ছিল।

বাঙালি পদ: বাঙালি পদগুলির মধ্যে চিংড়ি মালাইকারি, পাতুরি, মুরগির পাতলা ঝোল, এবং কাতলার ঝাল তাঁর পছন্দের তালিকায় ছিল।

অসুস্থতার পর কঠোর ডায়েট
তবে ১৯৬৭ সালে প্রথম হার্ট অ্যাটাকের পর তাঁর খাদ্য তালিকায় অনেক পরিবর্তন আসে। চিকিৎসকের কড়া নির্দেশ ছিল। জানা যায়, সেই সময় উত্তম শুধু মুরগির স্টু ও পাউরুটি খেতেন। শুটিং ফ্লোরে সেই খাবার রান্না করে পাঠাতেন সুপ্রিয়া চৌধুরীই।

এইভাবেই উত্তমকুমার তাঁর জীবনযাত্রার মধ্য দিয়ে প্রমাণ করে গিয়েছেন, যে কোনো বাঙালি খাদ্যরসিক হতে পারেন, তবে তার পাশাপাশি শরীরচর্চাও সমান গুরুত্বপূর্ণ।