পূজোর আগেই সুখবর মধ্যবিত্তের জন্য! এক ধাক্কায় কমবে এই জিনিসগুলোর দাম? জেনেনিন

দুর্গাপূজার ঠিক আগে মধ্যবিত্তের মুখে হাসি ফোটাতে পারে কেন্দ্রীয় সরকার। আজ, বুধবার (৩ সেপ্টেম্বর) জিএসটি কাউন্সিলের বৈঠকে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ঘোষণা অনুযায়ী, দীপাবলির আগেই জিএসটি কাঠামোয় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। বর্তমানে জিএসটি-র চারটি স্ল্যাব (৫%, ১২%, ১৮% এবং ২৮%) দুটি স্ল্যাবে (৫% এবং ১৮%) পরিণত হতে পারে। এই পরিবর্তন কার্যকর হলে অনেক পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমবে।
যেসব জিনিসের দাম কমতে পারে:
অটোমোবাইল: ১২০০ সিসির নিচে ছোট গাড়ি এবং ৩৫০ সিসির নিচে মোটরসাইকেলের উপর জিএসটি ২৮% থেকে কমে ১৮% হতে পারে। এর ফলে ছোট গাড়ি ও বাইকের দাম অনেকটা কমবে।
হসপিটালিটি ও বিনোদন: হোটেল ভাড়া এবং সিনেমার টিকিটের উপর ১২% জিএসটি কমে ৫% হতে পারে, যা ভ্রমণ ও বিনোদনকে আরও সাশ্রয়ী করবে।
চিকিৎসা পরিষেবা: প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য স্বাস্থ্য সামগ্রীর উপর জিএসটি ১২% থেকে কমে ৫% হতে পারে। জীবনবিমার প্রিমিয়ামের উপরও জিএসটি ছাড়ের সম্ভাবনা রয়েছে।
নিত্যপ্রয়োজনীয় সামগ্রী: পনির, খাখরা, পিৎজা ব্রেড, ফল-এর রস, নারকেলের জল, মাখন, পনির, পাস্তা, এবং আইসক্রিমের মতো পণ্যের দাম কমতে পারে। এই পণ্যগুলিতে জিএসটি ১২% থেকে কমে ৫% বা সম্পূর্ণ প্রত্যাহার করা হতে পারে।
পোশাক: সিনথেটিক কাপড়, কার্পেট এবং হাতে বোনা কাপড়ের উপর জিএসটি ১২% থেকে কমে ৫% হতে পারে।
কৃষি ও অন্যান্য: সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়া এবং স্টেশনারি পণ্যের মতো নানা জিনিসের জিএসটি-ও কমতে পারে।
যেসব জিনিসের দাম বাড়তে পারে:
জিএসটি স্ল্যাব পরিবর্তন হলে কিছু পণ্যের দাম বাড়ারও সম্ভাবনা আছে। সিগারেট, তামাকজাত পণ্য, পানমশলা এবং বিলাসবহুল গাড়ির উপর ‘সিন ট্যাক্স’ বসতে পারে, যা দামকে অনেকটাই বাড়িয়ে দেবে।
ইলেকট্রিক গাড়ি: ২০ থেকে ৪০ লাখ টাকার ই-গাড়িতে জিএসটি ৫% থেকে বেড়ে ১৮% হতে পারে। অন্যদিকে, ৪০ লাখের বেশি দামি ই-গাড়িতে ৪০% কর বসতে পারে।
পোশাক: ২৫০০ টাকার বেশি দামের পোশাকের উপর জিএসটি ১২% থেকে বেড়ে ১৮% হতে পারে।
বিশেষজ্ঞদের অনুমান, জিএসটি-র এই রদবদল কার্যকর হলে সরকারের রাজস্ব প্রায় ৫০ হাজার কোটি টাকা কমতে পারে। শোনা যাচ্ছে, এই নতুন জিএসটি স্ল্যাব আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে পারে।