দুর্নীতি ঠেকাতে SSC-র নতুন নিয়ম! শুধু অ্যাডমিট কার্ডে হবে না, চাকরিপ্রার্থীদের সঙ্গে আনতে হবে এসব জিনিস!

অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হচ্ছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। আগামী ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন (SSC)। কিন্তু এবার পরীক্ষার আগে নতুন এক নির্দেশিকা জারি করে বিতর্কের জন্ম দিল কমিশন। অ্যাডমিট কার্ডের পাশাপাশি প্রত্যেক পরীক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে আধার কার্ড বা ভোটার কার্ড।

কিন্তু কেন এই নতুন নিয়ম? এসএসসি-র তরফ থেকে জানানো হয়েছে, বহু পরীক্ষার্থীই অনলাইনে আবেদন করার সময় ছবি ও সই আপলোড করেননি। এই কারণে শুধু অ্যাডমিট কার্ড দেখে পরীক্ষার্থী শনাক্তকরণ সম্ভব নয়। তাই আধার বা ভোটার কার্ডের মতো পরিচয়পত্র যাচাই করার পরই পরীক্ষার হলে ঢোকার অনুমতি দেওয়া হবে।

কমিশনের এই নতুন নির্দেশিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। SSC-এর প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল বলেন, “পরিচয়পত্র হিসেবে যদি ছবি প্রয়োজন হয়, তবে তা সাম্প্রতিক হওয়া উচিত। আধার বা ভোটার কার্ডের ছবি অনেক পুরনো হতে পারে, সেক্ষেত্রে পরীক্ষার্থীর বর্তমান চেহারার সঙ্গে তার মিল নাও থাকতে পারে। এতে অনেক সমস্যা তৈরি হবে।” তিনি আরও বলেন, “আমার মনে হয়, এই ধরনের সমস্যা জিইয়ে রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আইনজীবী ফিরদৌস শামিমও এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, “ছবি ও সই না থাকার মতো পদ্ধতিগত ত্রুটি আসলে দুর্নীতি করার জন্য একটি ফাঁক। এর ফলে একজন প্রার্থীর পরীক্ষা অন্যজন দিয়ে আসতে পারে।” তিনি আরও বলেন, “যদি ভবিষ্যতে কোনও দুর্নীতি হয়, তাহলে আদালত আবার হস্তক্ষেপ করবে।”

এই নতুন নির্দেশিকার ফলে পরীক্ষার দিন প্রত্যেক পরীক্ষার্থীকে দুপুর ১২টার পরীক্ষার জন্য সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে বলা হয়েছে, যাতে পরিচয়পত্র যাচাই করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। যদি কেউ সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে না পৌঁছায়, তবে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।