‘হিসেব না দিলে মিলবে না অনুদানের চেক’, হাইকোর্টের নির্দেশে ঘুম উড়ছে পুজো কমিটিগুলোর!

দুর্গাপূজোর অনুদান কীভাবে খরচ হচ্ছে, তা নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কড়া নির্দেশনার পর এবার নড়েচড়ে বসেছে রাজ্যের পুজো কমিটিগুলো। সরকারের দেওয়া অনুদানের টাকা খরচ করার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে এবার থেকে হিসেব জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে হিসেব না দিলে কোনো কমিটি এবার আর অনুদানের চেক পাবে না।

কেন এমন সিদ্ধান্ত?
রাজ্য সরকার পুজো কমিটিগুলোকে ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেয়। কিন্তু অভিযোগ ছিল, অনেক কমিটি এই টাকার খরচের সঠিক হিসাব বা ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ জমা দিত না। হাইকোর্ট এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলে পরিস্থিতি বদলাতে শুরু করে। এবার প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে কমিটি সঠিক ফরম্যাটে হিসেব জমা দেবে না, তারা কোনো অনুদান পাবে না।

কীভাবে খরচ করতে হবে অনুদানের টাকা?
সরকারি নিয়ম অনুযায়ী, অনুদানের ৪০ শতাংশ টাকা সামাজিক কাজে ব্যয় করতে হবে। এর মধ্যে রয়েছে:

পরিচ্ছন্নতা এবং পানীয় জলের ব্যবস্থা

সিসিটিভি বসানো

ডেঙ্গি ও ম্যালেরিয়া সচেতনতা প্রচার

দরিদ্রদের মধ্যে পোশাক বিতরণ

বাকি টাকা পুজোর আয়োজনে খরচ করা যাবে। আগে অনেক কমিটিই এই নিয়ম মানতো না, কিন্তু এবার আদালতের কড়া নজরদারিতে সবাই সঠিক বিল ও হিসেব রাখার চেষ্টা করছে। শ্রীরামপুরের এক পুজো কমিটির কর্তা জানিয়েছেন, “আগে হিসেব তৈরি করতে দেরি হতো, কিন্তু এবার আমরা আগেভাগেই সব বিল তৈরি করে রাখছি।”

আরামবাগ এবং চন্দননগরের পুজো কমিটিগুলোও জানিয়েছে, তারা গত বছর থেকেই সামাজিক কাজ এবং সচেতনতা প্রচারে টাকা খরচ করে তার হিসেব জমা দিচ্ছে। আদালতের এই পদক্ষেপের ফলে পুজো অনুদানের টাকা খরচের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আসবে বলে আশা করা যাচ্ছে।