CAA নিয়ে বড় খবর! আবেদনের সময়সীমা আরও ১০ বছর বাড়াল কেন্দ্র, কারা পাবেন বিশেষ সুবিধা?

নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-তে নাগরিকত্বের আবেদনের সময়সীমা আরও ১০ বছর বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি নতুন বিবৃতি জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা বহু ধর্মীয় সংখ্যালঘুরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
কারা পাবেন এই সুবিধা?
নতুন নির্দেশনা অনুযায়ী, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা যারা ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত ভারতে এসেছেন, তাদের পাসপোর্ট বা অন্য কোনো বৈধ ভ্রমণ নথি ছাড়াই দেশে থাকতে দেওয়া হবে। একই সাথে, তারা সবাই ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
আগে এই সময়সীমা ছিল ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর। সম্প্রতি বাস্তবায়িত ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫’-এর অধীনে এই আদেশ জারি করা হয়েছে। এর ফলে, যারা ২০১৪ সালের পরে ভারতে এসেছিলেন এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন, তারা নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ পাবেন।
২০১৯ সালের CAA আইন
২০১৯ সালের ডিসেম্বরে সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয়েছিল। আইনটির মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার অমুসলিম অভিবাসীদের ভারতের নাগরিকত্ব দেওয়া।